কুমার নদে স্পিডবোটে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া

কুমার নদে স্পিডবোটে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া

ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতে দেখা গেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের। ট্রলার ও স্পিডবোটে সাউন্ড বক্সে গানের তালে নানা অঙ্গভঙ্গিতে মেতে ওঠে তারা। এছাড়াও চলে অস্ত্রের মহড়া। তবে তাৎক্ষণিক পুলিশ তাদের আটকের চেষ্টা করলে নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায় সবাই।

এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পুলিশ তাদের আটকের চেষ্টা করছে বলে জানিয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কুমার নদে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গায় কুমার নদে নৌকাবাইচ হওয়ার কথা ছিল। কিন্তু কোনো নৌকাবাইচ অনুষ্ঠিত হয়নি। তবে কিশোর গ্যাংয়ের সদস্যরা ট্রলারে সাউন্ড বক্সে গান বাজিয়ে নাচ-গানের তালে তালে দেশীয় অস্ত্রের মহড়া দেয়। এসময় ৭টি স্পিডবোটে চাইনিজ কুড়াল নিয়ে তারা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়।

স্থানীয় বাসিন্দা মো. রিপন জাগো নিউজকে বলেন, কুমার নদে নৌকা বাইচের কথা থাকলেও কোনো বাইচ অনুষ্ঠিত হয়নি। তবে ট্রলার ও স্পিডবোটে চড়ে নাচ-গান ও নানা অঙ্গভঙ্গিতে কিশোর গ্যাংয়ের অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়। পুলিশ তাৎক্ষণিক তাদের আটকের চেষ্টা করলে তারা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জাগো নিউজকে বলেন, বিষয়টি জানতে পেরে তাদের আটকের চেষ্টা করা হয়। কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তারা আমাদের এলাকার নয়। ধারণা করা হচ্ছে মাদারীপুরের রাজৈর থেকে ট্রলার, স্পিডবোট ভাড়া করে এখানে আসে। বিষয়টি রাজৈর থানায় জানানো হয়েছে। তাদের আটকের জোর চেষ্টা করা হচ্ছে।

এন কে বি নয়ন/এফএ/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin