কুমিল্লায় ৮ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্তার

কুমিল্লায় ৮ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্তার

কুমিল্লার দেবীদ্বারে সংবাদ সংগ্রহ করতে যাওয়া আট সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে ৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে হামলার শিকার এশিয়ান টিভির দেবীদ্বার প্রতিনিধি মো. নেছার উদ্দিন মামলাটি করেন।

মামলার প্রধান আসামি শাহজাহানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার এলাহাবাদ পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে এলাহাবাদ পূর্বপাড়া (উটখাড়া) প্রাথমিক বিদ্যালয়ের সামনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আট সাংবাদিক হামলার শিকার হন। হামলাকারীরা সাংবাদিকদের মুঠোফোন, ক্যামেরা ও টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ।

হামলায় আহত সাংবাদিকেরা হলেন দৈনিক দিনকালের স্থানীয় প্রতিনিধি পারভেজ সরকার, এশিয়ান টিভির প্রতিনিধি নেছার উদ্দিন, দৈনিক আজকের কুমিল্লার প্রতিনিধি সোহরাব হোসেন, দৈনিক ডাক প্রতিদিনের প্রতিনিধি আনোয়ার হোসেন, আমার দেশের প্রতিনিধি আবু বক্কর ছিদ্দিক, কালবেলার প্রতিনিধি জহিরুল ইসলাম এবং সাংবাদিক মো. শাহজালাল ও সাইফুল ইসলাম।

মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, এলাহাবাদ পূর্বপাড়া (উটখাড়া) গ্রামের বাসিন্দা সাংবাদিক সোহরাব হোসেনের বসতবাড়ির চলাচলের একমাত্র রাস্তাটি পাকা দেয়াল নির্মাণ করে এক মাস ধরে বন্ধ করে দেন প্রতিবেশী শাহজাহান ও তাঁর লোকজন। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে একটি সালিসের আয়োজন করা হয়। এ ঘটনায় সংবাদ সংগ্রহে যান স্থানীয় আটজন সাংবাদিক। তখন সাংবাদিকেরা উটখাড়ার হাকিম মিয়ার চা দোকানে বসে ঘটনার খোঁজখবর নিচ্ছিলেন। খবর পেয়ে শাহজাহানের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন এসে অতর্কিতে হামলা করেন। সাংবাদিকেরা তাঁদের ওপর হামলার কারণ জানতে চাইলে কোনো উত্তর না দিয়েই তাঁদের বেধড়ক মারধর করা হয়। এ ছাড়া তাঁদের মুঠোফোন, ক্যামেরা ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে আহত সাংবাদিকেরা দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। হামলাকারী ব্যক্তিরা সাংবাদিক সোহরাব হোসেনের বাবা জাকির হোসেনের মাথা ফাটিয়ে দেন। তাঁর মা নার্গিস বেগম, স্ত্রী বৃষ্টি আক্তারকে পিটিয়ে গুরুতর আহত করেন এবং তাঁর ছোট বোন রুমি আক্তারের হাত ভেঙে দেন।

শাহজাহান ছাড়া মামলায় এলাহাবাদ পূর্বপাড়া এলাকার মফিজ মিয়ার ছেলে জসিম উদ্দিন, আবু হানিফের ছেলে সাগর ও মজলু এবং আবদুল মজিদের ছেলে বিল্লাল হোসেনে নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করা হয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গতকাল রাতে থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি শাহজাহানকে আজ বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin