কুমিল্লায় চুরির অভিযোগে যুবকের ওপর কুকুর লেলিয়ে নির্যাতন, গ্রেপ্তার ৩

কুমিল্লায় চুরির অভিযোগে যুবকের ওপর কুকুর লেলিয়ে নির্যাতন, গ্রেপ্তার ৩

কুমিল্লার বুড়িচংয়ে চুরির অভিযোগে এক যুবকের ওপর কুকুর (জার্মান শেফার্ড) লেলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলে এ ঘটনা ঘটে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় রাতেই র‍্যাব ও পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছেন।

নির্যাতনের শিকার ওই যুবকের নাম জয় চন্দ্র সরকার (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবার শীতলপুর গ্রামের বিষ্ণু চন্দ্র সরকারের ছেলে। বর্তমানে জয় বুড়িচং উপজেলার সাহেববাজার এলাকায় ভাড়া বাড়িতে থেকে ভাঙারির ব্যবসা করেন।

ভিডিওতে দেখা যায়, কয়েক ব্যক্তি প্রথমে জয় নামের ওই যুবকের দিকে প্রথমে একটি কুকুর লেলিয়ে দেন। এ সময় চিৎকার করে ওই যুবক নিজেকে বাঁচানোর আকুতি জানান। তিনি কুকুরকে বাধা দিলে ওই ব্যক্তিরা তাঁকে বারবার বলতে থাকে, ‘কুকুর ছাড়’। এরপরই আরেকটিসহ মোট দুটি কুকুর জয়ের ওপর লেলিয়ে দেওয়া হয়। কুকুরগুলো হিংস্রভাবে তাঁর শরীরে কামড়াতে থাকে। একই সময়ে কয়েকজন লাঠি হাতে তাঁকে আঘাত করতে থাকেন। কুকুরের কামড় ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে জয় বাঁচার জন্য চিৎকার করতে থাকেন। কিন্তু তাঁকে কোনো সুযোগ দেওয়া হচ্ছিল না।

ভিডিও ছড়িয়ে পড়ার পর গতকাল রাতেই র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ও বুড়িচং থানা-পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার মো. জুলহাসের ছেলে মো. শান্ত ইসলাম (২৮), মুন্সিগঞ্জ সদর থানার মুরমা গ্রামের মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে মো.আল আমিন ওরফে লিপু (৩৬) এবং বরিশালের উজিরপুর থানার মালিকান্দা গ্রামের ফারুক হাওলাদারের ছেলে মো.সজীব হাওলাদার (২৬)।

আজ শনিবার বেলা ১১টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘটনার বিস্তারিত জানিয়েছেন র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম। তিনি বলেন, সাকুরা স্টিল মিলে বেশ কিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। প্রায় দুই মাস আগে একটি ডাকাতির ঘটনা ঘটে। এর পর থেকে সেখানে নিরাপত্তার জন্য তিনটি বিদেশি (জার্মান শেফার্ড) কুকুর রাখা হয়। বর্তমানে উৎপাদন বন্ধ কারখানাটি মেরামতের কাজ চলছিল। এরই মধ্যে গতকাল এমন ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বুড়িচং থানায় হস্তান্তর করা হবে।

মেজর সাদমান ইবনে আলম বলেন, ওই স্টিল মিলে মোট তিনটি বিদেশি কুকুর রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে। গ্রেপ্তার হওয়া তিনজন অতি উৎসাহী হয়ে দুটি কুকুর দিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন। মিলের মালিকপক্ষ এ ঘটনা জানতেন না। জয় বর্তমানে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, এ ঘটনায় ভুক্তভোগী জয় বাদী হয়ে গতকাল রাতে মামলা করেছেন। আসামিদের হস্তান্তর করা হলে তাঁদের কুমিল্লার আদালতে পাঠানো হবে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin