কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করেছে ইউক্রেন ও সিরিয়া

কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করেছে ইউক্রেন ও সিরিয়া

সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরপরই তিনি সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দেন।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট ও স্বৈরশাসক বাশার আল–আসাদের আমলে এ দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়েছিল।

গতকাল বুধবার নিউইয়র্কে দুই নেতার ওই বৈঠক অনুষ্ঠিত হয়। একটি প্রতিনিধিদলের সঙ্গে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানিও বৈঠকে উপস্থিত ছিলেন বলে সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাশিয়া–সমর্থিত ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল নিজেদের স্বাধীনতার ঘোষণা দিলে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তাদের স্বীকৃতি দেন। এর জেরে ২০২২ সালে সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ইউক্রেন।

ইউক্রেনের ঘোষণার পরপর সিরিয়াও কিয়েভের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিল।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেন ও সিরিয়া কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা বিষয়ে একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এ গুরুত্বপূর্ণ পদক্ষেপকে স্বাগত জানাই এবং সিরিয়ার জনগণের স্থিতিশীলতার পথে পাশে থাকতে প্রস্তুত।’

সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা–ও জানিয়েছেন জেলেনস্কি।

জেলেনস্কি লেখেন, ‘সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে আলোচনার সময় আমরা কোন কোন খাতে সহযোগিতা বৃদ্ধি করা যায় সে বিষয়ে, উভয় দেশের ওপর যেসব নিরাপত্তা হুমকি রয়েছে, সেগুলো নিয়ে এবং তা মোকাবিলার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।’

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে একটি প্রতিনিধিদল নিয়ে গত রোববার নিউইয়র্কে পৌঁছান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। প্রায় ছয় দশকের মধ্যে এই প্রথম সিরিয়ার কোনো প্রেসিডেন্ট এ সম্মেলনে যোগ দিলেন।

এ বছরের আগে ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে সিরিয়া আর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রেসিডেন্ট পর্যায়ে যোগ দেয়নি। যুদ্ধে সিরিয়ার দক্ষিণ-পশ্চিমের গোলান মালভূমি দখল করে ইসরায়েল।

আল-শারার আগে সর্বশেষ সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট নুরউদ্দিন আল-আতাসি জাতিসংঘের এ সম্মেলনে যোগ দিয়েছিলেন। তিনি ১৯৬৬ থেকে ১৯৭০ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

ড্রোনের কারণে ডেনমার্কে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ, কারা কেন ওড়াচ্ছে Prothomalo | ইউরোপ

ড্রোনের কারণে ডেনমার্কে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ, কারা কেন ওড়াচ্ছে

ডেনমার্কের বিমানবন্দরের ওপর দিয়ে ওড়ানো ড্রোনগুলো কোনো ‘পেশাদার গোষ্ঠীর’ কাজ বলে মনে হচ্ছে বলে জানিয়ে...

Sep 25, 2025
গাজায় জাতিগত নিধনের মধ্যেই এক মাসে ইসরায়েলে ১ লাখ বুলেট পাঠিয়েছে যুক্তরাজ্য Prothomalo | ইউরোপ

গাজায় জাতিগত নিধনের মধ্যেই এক মাসে ইসরায়েলে ১ লাখ বুলেট পাঠিয়েছে যুক্তরাজ্য

গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান জাতিগত নিধন অভিযানের মধ্যেই গত আগস্ট মাসে যুক্তরাজ্য থেকে ইসরা...

Oct 01, 2025

More from this User

View all posts by admin