মালয়েশিয়ার সুপরিচিত সেলস, মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন কোম্পানি মৈত্রী ইনফিনিটি এসডিএন. বিএইচডি. কুয়ালালামপুরে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা উৎসবে অংশ নিয়ে নতুন মাত্রা যোগ করেছে।
রাজধানীর ব্রিকফিল্ডে ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ সামাজিক-সাংস্কৃতিক উৎসবে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।
আয়োজকরা জানিয়েছেন, এ বছরও তিন হাজারেরও বেশি দর্শনার্থী উপস্থিত ছিলেন, যাদের মধ্যে রয়েছেন বাংলাদেশি ও ভারতীয় প্রবাসী, স্থানীয় মালয়েশিয়ান নাগরিক এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত উচ্চপদস্থ পেশাজীবীরা।
উৎসব প্রাঙ্গণে মৈত্রী ইনফিনিটি একটি স্টল স্থাপন করে, যেখানে কোম্পানির জনপ্রিয় ও পার্টনার ব্র্যান্ড প্রদর্শন ও বিক্রি করা হয়।
প্রতিষ্ঠানটির মতে, এই অংশগ্রহণ তাদের প্রবাসী ও স্থানীয় ভোক্তাদের আরও কাছে পৌঁছাতে সাহায্য করবে এবং ব্যবসায়িক সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি করবে।
বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোছা. শাহানারা মনিকা ও প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ পূজা মণ্ডপে উপস্থিত থেকে অনুষ্ঠান পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তারা মৈত্রী ইনফিনিটি’র স্টল ঘুরে দেখেন এবং কোম্পানির উদ্যোগকে সাধুবাদ জানান।
আয়োজক কমিটির মতে, এ ধরনের উৎসব কেবল সামাজিক সম্প্রীতি বাড়ায় না বরং ব্যবসায়িক যোগাযোগ ও সম্প্রসারণের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করে। মৈত্রী ইনফিনিটি’র অংশগ্রহণ এ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে।
এমআরএম/এএসএম