চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়ার কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পাচ্ছে ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এই তথ্য জানান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
দীর্ঘ আলোচনার পর এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সরকার। জানা গেছে এপিএম টার্মিনালস একটি বৈশ্বিক বন্দর ও টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠান, যা বিশ্বের শীর্ষস্থানীয় ডেনিশ শিপিং কোম্পানি ম্যারস্ক গ্রুপের একটি অঙ্গসংগঠন।
আশিক চৌধুরী জানান, টার্মিনাল নির্মাণে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সাইনিং মানি হিসেবে দেওয়া হবে ২৫০ কোটি টাকা
তিনি বলেন, “এপিএম টার্মিনালস আমাদের সঙ্গে লালদিয়া কন্টেইনার টার্মিনাল তৈরি কাজ নিচ্ছে। আমরা তাদের একটা খোলা ময়দান দিচ্ছি। সেখানে তারা টার্মিনাল নির্মাণ করবে, জেটি নির্মাণ করবে, তারপর তারা পুরোটা পরিচালনা করবে। এখানে মালিকানা পুরোটাই থাকছে বন্দরের হাতে। তারা আমাদের জায়গার ওপরে নিজেরা একটা টার্মিনাল করবে এবং ৩০ বছর পরে এটার একটা সময় বর্ধিত করার সুযোগ আছে, যদি ওনারা কেপিআই সঠিক ভাবে ব্যবস্থাপনা করে তাহলে সময় বাড়ানো হবে। না হলে পুরোটা আমাদের কাছে হস্তান্তর করে দেবে।”
তিনি বলেন, এই প্রকল্পে তাদের প্রায় ৫৫০ মিলিয়ন ডলারের মতো খরচ হবে, যা ৬ হাজার ৭০০ কোটি টাকা প্রায়। এই পুরো টাকাই তারা দেবে, বাংলাদেশ সরকারের কোনও খরচ হবে না। সুতরাং এই পুরো অর্থ আগামী তিন বছরে বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ হিসেবে ঢুকবে।”