লালন মেলায় তিনশ গাঁজার দোকান, সাংবাদিকে মারধর

লালন মেলায় তিনশ গাঁজার দোকান, সাংবাদিকে মারধর

কুষ্টিয়া: লালন মেলায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের লোকজনের হামলা ও মারপিটে রাজু আহমেদ নামে একজন সাংবাদিক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টায় কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন মেলার মাঠে এ ঘটনা ঘটে।

আহত রাজু আহমেদকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ঢাকা পোস্ট ও বাংলা এডিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

রাজু আহমেদ বলেন, লালন মেলায় তিনশটি গাঁজার দোকান বসেছে। সেখানে প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন করা হয়। লালন মেলার মাঠে সংবাদ সংগ্রহকালে সেখানকার মাদক সিন্ডিকেটের লোকজন পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা করে।

তিনি আরো বলেন, এক সপ্তাহ আগে থেকে ব্যবসায়ীরা গাঁজার দোকান বসিয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সাথে এক সভায় তিনি বিষয়টি উত্থাপন করেছিলেন।  

একইসাথে মাদক ব্যবসায়ীদের কারণে লালন মেলার অনিরাপত্তা ও গণমাধ্যমকর্মীদের ঝুঁকির বিষয়ও ডিসি বরাবর তুলে ধরেছিলেন তিনি। মঙ্গলকার লালনের মাঠে সংবাদ সংগ্রহ করতে গেলে মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের লোকজন পরিকল্পিতভাবে তাকে বেধড়ক মারধর করে আহত করে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সাংবাদিক রাজু তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছিলেন। এসময় মঞ্চের পাশে একদল মাদক ব্যবসায়ী তার ওপর হামলা করেন।  

স্থানীয়দের অভিযোগ, মাদক কারবারিদের দখলে লালনের মাঠ। তারা যাকে-তাকে হুমকি দেন। তাদের কারণে লালন মেলার মাঠে অনিরাপদ পরিস্থিতি বিরাজ করছে। অথচ প্রশাসন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে না।  

স্থানীয় সাংবাদিকরা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে সাংবাদিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুশিয়ারি দেন।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসাথে তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবিও করেন।

কু‌ষ্টিয়া জেনারেল হাসপাতালের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) ডাক্তার হোসেন ইমাম বলেন, সাংবাদিক রাজু আহমেদ হামলা ও মারপিটে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি চিকিৎসাধীন রয়েছেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনার বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin