লিজের বোয়িং দুটি কিনছে না বিমান

লিজের বোয়িং দুটি কিনছে না বিমান

বাংলাদেশ বিমানের বহরে যুক্ত থাকা মিশর থেকে ড্রাই লিজে আনা দুইটি বোয়িংয়ের একটি ফেরত দেওয়া হয়েছে। অন্যটি আগামী মাসে (নভেম্বরে) ফেরত দেওয়া হবে। তার আগে সেটির মেরামত চলছে হাঙ্গেরিতে। মেরামত শেষ হলেই ফেরত দেওয়া হবে। এতে করে বিমানের বহরে থাকা ২১টি উড়োজাহাজের সংখ্যা কমে ১৯টিতে দাঁড়িয়েছে। লিজে থাকা এই দুইটি উড়োজাহাজ কেনার কথা থাকলেও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বলেন, ‘লিজের উড়োজাহাজ দুটি কেনার সিদ্ধান্ত নেওয়া হলেও এখন আর কিনছে না বিমান। লিজে থাকা দুটি বিমানের একটি আমরা ইতোমধ্যে ফেরত দিয়েছি। অন্যটিও মেরামত শেষ হলেই চলে যাবে।’

বিমান সূত্রে জানা গেছে, ৫ বছরের জন্য মিশর থেকে দুটি উড়োজাহাজ ড্রাই লিজে ভাড়া নেওয়া হয়েছিল। চুক্তি অনুযায়ী, লিজে নেওয়ার সময় উড়োজাহাজ দুটি যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরত দিতে হবে। এদিকে রাষ্ট্রায়ত্ত বিমান যেহেতু উড়োজাহাজ সংকটে ভুগছিল, আবার নতুন উড়োজাহাজ কেনার বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি, এ অবস্থায় এয়ারলাইন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চেয়েছিল লিজের উড়োজাহাজ দুটি ফেরত না দিয়ে কিনে নিতে। কেনার বিষয়টি অনেক দূর এগিয়েও ছিল। তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিমান।

ড্রাই লিজ হলো একটি চুক্তি- যেখানে শুধুমাত্র উড়োজাহাজটি ভাড়া দেওয়া হয়। কিন্তু তা পরিচালনা করার জন্য ক্রু (পাইলট ও কেবিন ক্রু) এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে লিজ গ্রহণকারীর।

কেন বিমান দুইটি কেনা হচ্ছে না? এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক কর্মকর্তা কোনও ধরনের মন্তব্য করতে চাননি। 

লিজে আনা দুটি বোয়িং ৭৩৭ বিদায় নেওয়ায় বর্তমানে বাংলাদেশ বিমানের বহরে উড়োজাহাজ থাকছে ১৯টি। এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার, চারটি বোয়িং ৭৩৭ ও পাঁচটি ড্যাশ ৮-৪০০।

দীর্ঘদিন ধরেই উড়োজাহাজ সংকটে ভুগছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আবার নতুন ‍উড়োজাহাজ কেনার প্রক্রিয়াও এগোচ্ছে না। এরমধ্যেই কেনার সিদ্ধান্ত নেওয়ার পরও ফেরত দেওয়া হচ্ছে এই দুইটি বিমান।

এদিকে উড়োজাহাজ সংকটে একের পর এক বন্ধ হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন রুট। শুধু তাই নয়, লাভজনক রুটগুলোতে ফ্লাইট বাড়াতেও হিমশিম খাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স। ফলে চাহিদা থাকা সত্ত্বেও পর্যাপ্ত ফ্লাইট বাড়াতে পারছে না।

মূলত সময়ের সঙ্গে তাল মিলিয়ে উড়োজাহাজ সংগ্রহ করতে না পারায় বিমান এই সংকটে পড়েছে। এই সংকট কাটাতে বিমানকে দ্রুততার সঙ্গে উড়োজাহাজ বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin