লক্ষ্মীপুর সদর উপজেলার একটি খাল থেকে নিখোঁজ এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার দালাল বাজারের পলেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে গামছা দিয়ে পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত শ্রমিকের নাম ইউছুফ হোসেন (৪৫)। তিনি সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গোপীনাথপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি গত বৃহস্পতিবার রাত নয়টা থেকে নিখোঁজ ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাত সাড়ে নয়টার দিকে মাছ শিকার করতে গিয়ে খালে লাশটি দেখতে পান কাইয়ুম হোসেন নামের এক স্থানীয় বাসিন্দা। পরে তিনি আশপাশের লোকজনকে খবর দেন। এরপর পুলিশ এসে খাল থেকে লাশটি উদ্ধার করে।
জানতে চাইলে নিহত ইউছুফ হোসেনের ছেলে মো. শাকিল বলেন, ‘বাবার পা গামছা দিয়ে বাঁধা ছিল। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমাদের পারিবারিক জমি বণ্টন নিয়ে চাচাদের সঙ্গে বিরোধ রয়েছে। এ ছাড়া আর কারও সঙ্গে বাবার কোনো বিরোধ নেই।’
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বলেন, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে পা বাঁধা থাকায় ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর হত্যার কারণসহ বিস্তারিত জানা যাবে।