মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত

মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত

শেরপুরে আসামিকে গ্রেফতার করতে গিয়ে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য ও স্থানীয় একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের মামলায় গ্রেফতার দেখানো হয়।

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জাগো নিউজকে এসব তথ্য জানান।

আহতরা হলেন- পুলিশের এএসআই ওমর ফারুক, কনস্টেবল নাজমুল ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আসা স্থানীয় বাসিন্দা শাহীন মিয়া।

পুলিশ সূত্র জানায়, বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার মাজম আলীর (৪০) বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মঙ্গলবার বিকেলের দিকে পুলিশের তিন সদস্যের একটি দল অভিযান চালায়। এসময় মাজম আলীসহ আরও তিন মাদক কারবারি পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে ইয়াবা বিক্রি করছিল। ঘটনাস্থল হতে মাজম আলীসহ অন্যদের গ্রেফতারের সময় কারবারিদের স্বজনরা পুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে পুলিশের এএসআই ওমর ফারুক, কনস্টেবল নাজমুল ও স্থানীয় শাহীন আহত হন। পরে তাদের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িত দুজনকে থানায় নিয়ে আসে। পরে রাতেই মামলা দিয়ে তাদের গ্রেফতার দেখানো হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এরই মধ্যে হামলাকারী দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলবে।

নাঈম ইসলাম/এমএন/এমএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin