মাদ্রাসায় আধুনিক শিক্ষার উপাদানগুলোও সংযোজন করতে হবে: শিক্ষা উপদেষ্টা

মাদ্রাসায় আধুনিক শিক্ষার উপাদানগুলোও সংযোজন করতে হবে: শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বলেছেন, ধর্মীয় শিক্ষা অবশ্যই মাদ্রাসাশিক্ষার কেন্দ্রবিন্দু থাকবে, তবে শিক্ষার্থীদের কর্মদক্ষতা বাড়াতে আধুনিক শিক্ষার উপাদানগুলোও সংযোজন করতে হবে। এ জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা উপদেষ্টা। ১৭৮০ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬ বছরের ইতিহাসকে স্মরণ করে শিক্ষা উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় মাদ্রাসাশিক্ষা একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। লাখ লাখ শিক্ষার্থী এখান থেকে শিক্ষা গ্রহণ করে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। তিনি বলেন, ‘আমরা চাই এই শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী, বাস্তবমুখী এবং আধুনিক রূপে গড়ে তুলতে। মাদ্রাসাশিক্ষার ঐতিহ্যে যুক্তিবিদ্যা, জ্যোতির্বিদ্যা, বিজ্ঞানচর্চা ও ধর্মবিদ্যা একসঙ্গে ছিল। আমরা চাই এই ধারাকে পুনরুজ্জীবিত করে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে ধর্মীয় শিক্ষার একটি সমন্বিত রূপ তৈরি করতে।’

অধ্যাপক সি আর আবরার বলেন, অ্যালামনাইদের অংশগ্রহণ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে এক বড় ভূমিকা রাখতে পারে। রাষ্ট্রের পাশাপাশি সমাজকেও এগিয়ে আসতে হবে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোর অগ্রগতিতে অবদান রাখতে।

শিক্ষকের সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিক্ষার্থীদের আবাসন সমস্যা, বিশুদ্ধ পানি ও পরিবহনের সংকটসহ বিভিন্ন বিষয় দ্রুত সমাধানের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা।

সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।

Comments

0 total

Be the first to comment.

যুক্তরাষ্ট্রে ভর্তির সুযোগ পেয়েও অধরাই হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন Prothomalo | উচ্চশিক্ষা

যুক্তরাষ্ট্রে ভর্তির সুযোগ পেয়েও অধরাই হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ পেয়েও হাজ...

Sep 15, 2025

More from this User

View all posts by admin