ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএট) বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য ও প্রাক্তন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. হামিদা আখতার বেগম মারা গেছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল, উত্তরা-তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
এতে বলা হয়, অধ্যাপক ড. হামিদা আখতার বেগম ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন খ্যাতিমান শিক্ষাবিদ হিসেবে সারা জীবন শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। কানাডার ইউনিভার্সিটি অফ মানিটোবা থেকে পিএইচডি এবং এমএ ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে প্রভোস্ট এবং স্টুডেন্টস কাউন্সেলিং ও গাইডেন্স সেন্টারের পরিচালক হিসেবে তার কর্মজীবন পরিচালনা করেছেন।
উচ্চশিক্ষা, ছাত্রকল্যাণ এবং অ্যাকাডেমিক নেতৃত্বে অধ্যাপক ড. হামিদা আখতার বেগমের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আইইউবিএট পরিবার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং মহান শিক্ষাবিদের বিদেহী আত্মার শান্তি কামনা করছে।