কর ফাঁকি প্রতিরোধের মাধ্যমে রাজস্ব আদায় বৃদ্ধি করতে মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (৫ অক্টোবর) সকালে এক বিবৃতির মাধ্যমে মাঠ পর্যায়ের কর অঞ্চলসমূহকে এই নির্দেশনা প্রদান করা হয়।
এতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর অডিট, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন) এর দপ্তর থেকে জারি করা নির্দেশনায় প্রতিটি কর অঞ্চল কর্তৃক গোয়েন্দা ও তদন্ত টিম গঠন, টিমসমূহের কার্য পদ্ধতি, টিমের সুপারিশ প্রণয়নের ভিত্তি এবং ফাঁকি দেয়া কর পুনরুদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য কমিটির অনুমোদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, গোয়েন্দা তথ্য, কর ফাঁকির অভিযোগ, বিভিন্ন রেজিস্টারে ঘষা-মাজা, অস্বাভাবিক পরিমান করমুক্ত আয় প্রদর্শনের ক্ষেত্রে সংশ্লিষ্ট টিম ইনভেস্টিগেশন কার্যক্রম শুরু করবে। ফাঁকির সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত আইআইসিকে জানাতে হবে। সংশ্লিষ্ট কর কমিশনার রাজস্ব পুনরুদ্ধারের আইনি কার্যক্রম গ্রহণের অনুমোদন প্রদান করবে। মাসিক ভিত্তিতে নির্ধারিত ছকে এ সংক্রান্ত তথ্য-উপাত্ত জানাতে হবে সংশ্লিষ্ট কর কমিশণারকে। পরবর্তি মাসের ১০ তারিখের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে এসব বিষয় অবহিত করতে হবে।
এসব উদ্যোগের মাধ্যমে ফাঁকি দেয়া রাজস্ব পুনরুদ্ধার, কর ফাঁকি দেয়ার প্রবণতা কমানো এবং সুষ্ঠু কর সংস্কৃতির বিকাশ লাভ করবে বলে আশাবাদী এনবিআর।
/এএইচএম