সুইজারল্যান্ড-ভিত্তিক কোম্পানি সিকা বাংলাদেশ লিমিটেড নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে (এমআইইজেড) তাদের নতুন ফ্যাক্টরির উদ্বোধন করেছে।
সোমবার (৩ নভেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেটো রেংগলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সুইজারল্যান্ড-ভিত্তিক বিশেষায়িত কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিকা, নির্মাণ ও মোটরগাড়ি শিল্পের জন্য বন্ডিং, সিলিং, ড্যাম্পিং, রিইনফোর্সিং এবং প্রটেকশনের জন্য বিভিন্ন সিস্টেম ও পণ্য উদ্ভাবন এবং উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। ১০০টিরও বেশি দেশে সিকার সাবসিডিয়ারি ও ৪০০টিরও বেশি উৎপাদন কারখানা রয়েছে, যেখানে ৩৪ হাজারের বেশি কর্মী কর্মরত আছেন।
সিকা বাংলাদেশের প্রধান সঞ্জীবন রায় নন্দী বলেন, সিকা বাংলাদেশ হলো সিকার ১০০তম সাবসিডিয়ারি। সিকা এখন বিশ্বজুড়ে সর্বত্র। আমাদের এই সফল বৈশ্বিক যাত্রায় টেকসই উন্নয়ন সবসময়ই উদ্ভাবনের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। নির্মাণ খাত ও শিল্প উভয় ক্ষেত্রেই সিকা দীর্ঘস্থায়িত্ব এবং শক্তি ও উপকরণের কার্যকারিতা বাড়াতে বৃদ্ধিতে কাজ করে আসছে। বাংলাদেশের কনস্ট্রাকশন কেমিক্যালের বাজার বর্তমানে ১০ কোটি মার্কিন ডলারেরও বেশি। সিকা বাংলাদেশে তাদের এই উৎপাদন ফ্যাক্টরিটি স্থাপনে প্রায় ৫ দশমিক ১৯ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বিনিয়োগ করেছে।
তিনি বলেন, প্রায় ৮ হাজার ৯৪ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত এই নতুন ফ্যাক্টরিটিতে দুটি প্রোডাকশন লাইন (লিকুইড অ্যাডমিক্সচার, অন্যান্য কংক্রিট এসেনশিয়াল এবং পাউডার-ভিত্তিক পণ্য) রয়েছে। এই ফ্যাক্টরিটির মাধ্যমে দেশের স্থানীয় বাজারে সাপ্লাই চেইন এফিসিয়েন্সি আরও বাড়বে। স্থানীয়ভাবে উৎপাদনের জন্য বাংলাদেশ জুড়ে ব্যবসায়িক সম্ভাবনা ও প্রোডাক্ট পোর্টফোলিও আরও বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিকা বাংলাদেশ বাজারে একটি নতুন ও উচ্চ-ক্ষমতাসম্পন্ন টাইল অ্যাডহেসিভ নিয়ে আসতে যাচ্ছে। এই ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট-টি প্রচলিত মর্টারের তুলনায় অধিক দীর্ঘস্থায়িত্ব ও বন্ডিং স্ট্রেন্থ প্রদান করবে।