ঘরের মাঠে ডিসি ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়ে এমএলস কাপ প্লে-অফের আরও কাছে পৌঁছে গেছে ইন্টার মায়ামি।
মায়ামির তিনটি গোলেই অবদান ছিল মেসির। আর্জেন্টাইন সুপার স্টারের দেওয়া নিখুঁত পাস থেকে ৩৫ মিনিটে শুরুর গোলটি করেন তাদেও অ্যালেন্দে। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫২ মিনিটে সাবেক বেলজিয়ান স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনটেকে ডিসিকে সমতায় ফিরিয়েছিলেন। কিন্তু দ্রুত সময়ে মেসির একক নৈপুণ্যে নিশ্চিত হয় মায়ামির তিনটি পয়েন্ট।
৬৬ মিনিটে করেন প্রথম গোল। সাবেক বার্সেলোনা সতীর্থ জর্ডি আলবার পাস থেকে জাল কাঁপিয়েছেন। ৭২ মিনিটে হ্যাটট্রিক পেতে পারতেন মেসি। অবিশ্বাস্যভাবে তখন মায়ামিকে দেওয়া স্পট কিকটি তিনি নেননি। তার বদলে আর্জেন্টাইন সতীর্থ মাতেও সিলভেত্তিকে দায়িত্ব দেওয়া হলেও হতাশ করেন তিনি। বল গিয়ে ক্রসবারে লেগে প্রতিহত হয়েছে।
৮৫ মিনিটে মেসি তুলে নেন নিজের দ্বিতীয় গোল। ৯০+৭ মিনিটে জ্যাকব মুরেল সান্ত্বনাসূচক গোল করলেও তা ব্যবধান কমায় মাত্র।
এই মৌসুমে মেসির ২২ ম্যাচে গোল এখন ২২টি। জয়ের পর মায়ামি ইস্টার্ন কনফারেন্সে একধাপ এগিয়ে পাঁচেও জায়গা করে নিয়েছে। তাদের সংগ্রহ ৫২ পয়েন্ট। তাতে প্লে-অফে নিজেদের অবস্থান মজবুত করেছে মেসিরা।