জাপানের হোক্কাইডো দ্বীপের ৮০ বছর বয়সী নারীকে অনলাইনে এক প্রতারক প্রেমের ফাঁদে ফেলে ১০ লাখ ইয়েন (প্রায় ৫ হাজার পাউন্ড) হাতিয়ে নিয়েছে। প্রতারক নিজেকে ‘মহাকাশে আটকে পড়া এক নভোচারী’ বলে দাবি করে অর্থ চেয়েছিল।
হোক্কাইডো পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই মাসে ওই নারীর সঙ্গে প্রতারকের পরিচয় হয়। তিনি নিজেকে এক নভোচারী হিসেবে পরিচয় দেয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে ওই ব্যক্তি নারীকে বলে, তিনি বর্তমানে মহাকাশে একটি নভোযানে আছেন এবং আক্রমণের মুখে পড়েছেন। এখন অক্সিজেন কেনার জন্য জরুরি টাকার প্রয়োজন।
একাকী বসবাস করা নারীটি তখন প্রায় ১০ লাখ ইয়েন তার কাছে পাঠিয়ে দেন। পরে তিনি বুঝতে পারেন এটি একটি ‘রোমান্স স্ক্যাম’। এই স্ক্যামে প্রতারকরা প্রেমের সম্পর্কের ভান করে অর্থ হাতিয়ে নেয়।
হোক্কাইডো পুলিশ নাগরিকদের সতর্ক করে বলেছে, অনলাইনে পরিচিত কেউ টাকা চাইলেই সন্দেহ করা উচিত।
গত অক্টোবরে যুক্তরাজ্যের স্কাই নিউজের এক অনুসন্ধানে জানা গেছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এখন ‘প্রতারক কারখানা’ গড়ে উঠেছে। এসব কারখানায় হাজার হাজার কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয় কৌশলে অনলাইনে প্রেমের ভান করে মানুষের কাছ থেকে অর্থ আদায় করতে।
প্রতারণার এসব কেন্দ্র থেকে শুধু রোমান্স নয়, অনলাইন জুয়া, বিনিয়োগ ও চাকরির প্রতিশ্রুতির নামেও কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সূত্র: স্কাই নিউজ