রাজধানীর মিরপুরের রূপনগর গার্মেন্টস ও কেমিকাল গোডাউনের আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস থেকে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বীন জসিম এ তথ্য জানিয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেইন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে সভাপতি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিনকে সদস্য সচিব করে সাত সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
সদস্যদের মধ্যে আছেন– বুয়েটের অধ্যাপক ড. মো. ইয়াছির আরাফাত খান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা জোনের উপসহকারী পরিচালক অতীশ চাকমা, পিও কাম অ্যাডজুটেন্ট মো. সাইদুল আলম চৌধুরী, ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোহরাব হোসেন, সিনিয়র স্টেশন অফিসার মো. ফসির উদ্দিন।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মিরপুরের রূপনগর শিয়ারবাড়ির শাহ আলম কেমিক্যাল নামে একটি রাসায়নিকের গোডাউনে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে পাশের একটি গার্মেন্টস কারখানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌনে ১২টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। শেষ পর্যন্ত মোট ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। সর্বশেষ ১৬ জনের লাশ উদ্ধার করা হয়। বুধবার দুপুরে আগুন নিয়ন্ত্রণে এলেও বৃহস্পতিবার বিকাল পর্যন্ত সেখানে ক্যামিকেলের ধোয়া উঠতে দেখা যায়।