মিরপুরে বিউটি ফ্যাশনে অগ্নিকাণ্ড: মালিকের দাবি পরিকল্পিত আগুন

মিরপুরে বিউটি ফ্যাশনে অগ্নিকাণ্ড: মালিকের দাবি পরিকল্পিত আগুন

রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী এলাকায় অবস্থিত বিউটি ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানার মালিক বিউটি বেগম ও বায়ার সোমা দাবি করেছেন, এটি কোনও দুর্ঘটনা নয়— পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, কারখানার ভেতরে কোনও কাজ চলছিল না, বিদ্যুৎ সংক্রান্ত কোনও সমস্যা ছিল না, তাই আগুন লাগার কোনও যৌক্তিক কারণ নেই।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কালশী সড়কের একটি ছয়তলা ভবনের ওপরের তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টা ১২ মিনিটে খবর পাওয়ার ২৭ মিনিটের মধ্যেই তারা আগুন নেভানোর কাজ শুরু করে এবং রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আরও প্রায় দেড় ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নির্বাপিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে হঠাৎ আগুন ও ধোয়া দেখা যায়। পরে ৯৯৯-এর মাধ্যমে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুন ওপরে থাকায় প্রথমে ফায়ার সার্ভিস সরাসরি আগুন নিয়ন্ত্রণে কাজ করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের ক্রেন এনে বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এরই মধ্যে আগুনে ছয়তলা ফ্লোরে প্রায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

জানা যায়, ভবনটির প্রথম তিনতলা ব্যবহৃত হতো “বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার” হিসেবে, চতুর্থ ও পঞ্চম তলা ছিল ফাঁকা, আর ষষ্ঠ তলায় ছিল বিউটি ফ্যাশন নামের পোশাক কারখানা। এখানেই আগুনের সূত্রপাত হয়।

কারখানাটির মালিক বিউটি বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, “আমাদের ধারণা, এটি একটি পরিকল্পিত অগ্নিকাণ্ড। সাধারণত কোনও স্থানে আগুন লাগলে ফ্লোরের নির্দিষ্ট অংশে আগুন ধরে, কিন্তু এখানে পুরো ফ্লোর একসঙ্গে দাউ দাউ করে জ্বলে ওঠে—যা স্বাভাবিক নয়। আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই পুরো ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। এ থেকে আমরা নিশ্চিতভাবে সন্দেহ করছি, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা ফায়ার সার্ভিস ও পুলিশের তদন্তেই জানা যাবে।”

বায়ার সোমা জানান, সেখানে প্রায় দুই কোটি টাকার শীতকালীন পোশাকের মালামাল মজুত ছিল।

তিনি বলেন, “আমি একজন বায়ার, সাব-কন্ট্রাক্টে, বিভিন্ন কারখানায় কাজ করাই। এই ফ্লোরে আমার প্রায় দেড় থেকে দুই কোটি টাকার শীতের পোশাক ছিল—৩০ হাজার পিস সম্পূর্ণ ও আরও ৭ হাজার অসম্পূর্ণ মাল ছিল। গত পাঁচ দিন ধরে বিভিন্ন কারখানা থেকে তৈরি মাল এনে এখানে রেখেছিলাম। এই ফ্লোর সাড়ে চার হাজার স্কয়ারফুট জায়গাজুড়ে পুরোটাতেই আমার মালামাল ছড়িয়ে ছিল।”

সোমা আরও বলেন, “আগুন লাগার কোনও কারণ নেই, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে। ফ্লোরে একটা কেচি গেট আছে, কিন্তু কোনও শাটার নেই। বাইরে থেকে চার হাত দূর থেকেই যে কেউ আগুন দিতে পারে। আমি নিশ্চিত, এটা পরিকল্পিত অগ্নিকাণ্ড।”

ফায়ার সার্ভিস সদর দফতরের উপপরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, “আগুন ছয়তলায় লাগার পর আমরা দ্রুত অ্যারিয়াল ল্যাডার ও স্ট্যান্ড পাইপ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনি, যাতে এটি নিচের তলায় বা আশেপাশের ভবনে ছড়িয়ে না পড়ে।”

ওই ফ্লোরে কী ছিল জানতে চাইলে তিনি বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে সেখানে কিছু কাগজপত্র, পুরানো ফার্নিচার ও কিছু জুট কাপড় ছিল। তবে আমরা নিশ্চিত নই এটি আসলেই কোনও পোশাক কারখানা ছিল কিনা! কারণ আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি কাজ করবে।”

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কাইয়ুম বাংলা ট্রিবিউনকে বলেন, “এটি পরিকল্পিত অগ্নিকাণ্ড নাকি দুর্ঘটনা—সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তবে পুলিশও আলাদাভাবে বিষয়টি নিয়ে তদন্ত করছে।”

অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও বিউটি ফ্যাশনের মালিক সোমার দাবি, তার প্রতিষ্ঠানের পুরো মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তিনি দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।

Comments

0 total

Be the first to comment.

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ BanglaTribune | রাজধানী

জাকসু নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবিতে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার (১...

Sep 13, 2025

More from this User

View all posts by admin