মিরপুরে মাদকবিরোধী অভিযান, বিভিন্ন মেয়াদে ২৩ জনকে সাজা

মিরপুরে মাদকবিরোধী অভিযান, বিভিন্ন মেয়াদে ২৩ জনকে সাজা

রাজধানীর মিরপুর বিভাগে মাদকবিরোধী অভিযানে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ডিএমপির মিরপুর বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) মিরপুর বিভাগের পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প, মিরপুর থানাধীন ১০ নম্বর গোলচত্বর, রূপনগর থানাধীন মাইশা কনস্ট্রাকশন, দারুস সালাম থানাধীন বাগানবাড়ি আবাসিক এলাকা, কাফরুল থানাধীন আগারগাঁও তালতলা এবং শাহ আলী থানাধীন গুদারাঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে ২৩ জনকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

মিরপুর বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গ্রেফতারের পর মিরপুর বিভাগের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. বিলাল হোসাইনের আদালতে উপস্থাপন করা হলে সংক্ষিপ্ত বিচারিক আদালত ১১ জনকে সর্বোচ্চ তিন মাসের এবং বাকিদের সর্বনিম্ন ১৫ দিনের কারাদণ্ড দেন।

ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং ও রাস্তায় অবৈধ দখলের মতো অপরাধসমূহ নিয়মিতভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে তাৎক্ষণিক বিচার করা হচ্ছে। ফলে ভুক্তভোগীরা দ্রুত ও স্বল্প সময়ে বিচারিক সেবা পাচ্ছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

কেআর/কেএএ/

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin