মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) একটি ভবনে পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য হাসপাতালের বহির্বিভাগ সেবা চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) পরিচালকের নিয়ন্ত্রণে থাকবে এই বহির্বিভাগ। এখন থেকে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এখানে চিকিৎসা পাবেন। আজ শুক্রবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পিওএমের একটি ভবনে হাসপাতালের এই বহির্বিভাগ উদ্বোধন করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণে এটি ইতিবাচক ভূমিকা পালন করবে। এর ফলে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে রোগীর চাপ কমবে। পুলিশ সদস্যরা এখন থেকে মিরপুরে পিওএমে চালু হওয়া বহির্বিভাগে চিকিৎসা নিতে পারবেন। এখানে রোগনির্ণয়ে প্রয়োজনীয় নমুনাও সংগ্রহ করা হবে। এ ছাড়া অন্যান্য সেবার মধ্যে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, ফিজিওথেরাপি এবং অবজারভেশন (পর্যবেক্ষণ) সুবিধা থাকবে এই বহির্বিভাগে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার, সিপিএইচের পরিচালক পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. সায়েদুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।