মন্দির থেকে গুলি চুরি: ওসি প্রত্যাহার, ৭ পুলিশ বরখাস্ত

মন্দির থেকে গুলি চুরি: ওসি প্রত্যাহার, ৭ পুলিশ বরখাস্ত

রাজধানীর বাড্ডার নিমতলির শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ সদস্যদের কক্ষ থেকে ৩০ রাউন্ড শর্টগানের গুলি ও মালামাল চুরির ঘটনায় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে একজন উপপরিদর্শক (এসআই), একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ জানান, কর্তব্যে অবহেলার অভিযোগে এসআই মোবাশ্বির, একজন এএসআই ও পাঁচ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় বাড্ডা থানার ওসিকেও প্রত্যাহার করা হয়েছে।

সূত্র জানায়, ডিউটিরত পুলিশ সদস্যদের থাকার জন্য মন্দিরের প্রাচীরের ভেতরে একটি নির্মাণাধীন ভবনের কক্ষ ব্যবস্থা করা হয়েছিল। মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিট থেকে ৫টার মধ্যে ঘুমন্ত চার পুলিশ সদস্য ও তিন আনসারের পাশ থেকে ৪টি ব্যাগ, ২টি মানিব্যাগ ও ৩টি মোবাইল চুরি হয়। একটি ব্যাগে ৩০ রাউন্ড গুলি ছিল।

সকাল পৌনে ১০টার দিকে মণ্ডপ সংলগ্ন পতিত জমি থেকে ব্যাগগুলো উদ্ধার করা হয়। এ সময় চুরি হওয়া গুলিগুলোও অক্ষত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থল থেকে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

ডিসি তারেক মাহমুদ বলেন, চুরি হওয়া গুলি ও মালামাল উদ্ধার করা গেলেও এটি নিঃসন্দেহে দায়িত্বে অবহেলা। এজন্য বিভাগীয় ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

এমএমআই/এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin