মণিপুরে মোদীর সফর ঘিরে সাজসজ্জায় পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

মণিপুরে মোদীর সফর ঘিরে সাজসজ্জায় পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফরকে কেন্দ্র করে সাজসজ্জার বিষয়ে পুলিশ ও স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর চূড়াচাঁদপুরের পিয়ারসনমুন এলাকায় এ ঘটনা ঘটে।

আগামী ১৩ সেপ্টেম্বর চূড়াচাঁদপুর সফর করবেন নরেন্দ্র মোদী। তার আগমন উপলক্ষে রঙিন ব্যানার, বিলবোর্ড, পতাকা ও আলোকসজ্জায় সাজানো হচ্ছে শহর। বিশেষভাবে সজ্জিত করা হচ্ছে পিয়ারসনমুন এলাকা, যেখানে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি ঘাঁটি রয়েছে। ওই ঘাঁটির হেলিপ্যাডেই মোদীকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করবে।

মোদীর সমাবেশও হওয়ার কথা চূড়াচাঁদপুরে। হেলিপ্যাড থেকে সমাবেশস্থলের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। ওই পুরো সড়কের দুইপাশ সেজেছে পতাকা ও রঙিন ব্যানারে।

তবে বৃহস্পতিবার রাতে স্থানীয়দের একটি দল সাজসজ্জা ভাঙচুর শুরু করে। তারা একাধিক পতাকা ও ব্যানার উপড়ে ফেলে। বিষয়টি আঁচ করতে পেরে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

মণিপুর পুলিশ জানিয়েছে, অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত বা গ্রেপ্তার হয়েছে কি না, তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মোদীর সফর ঘিরে চূড়াচাঁদপুরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, সিআরপিএফ, বিএসএফ ও আসাম রাইফেলসের প্রায় ১০ হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রধানমন্ত্রীর সফরের দিন।

জনজাতি অধ্যুষিত মণিপুরে ২০২৩ সালের মে মাসে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে, যা স্থায়ী হয় দীর্ঘ ২১ মাস। রাষ্ট্রপতির হস্তক্ষেপে সহিংসতা থামে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। রাজ্যের দুই প্রধান জাতিগোষ্ঠী হিন্দু ধর্মাবলম্বী মেইতেই ও খ্রিস্টান ধর্মাবলম্বী কুকিদের মধ্যে সংঘাতে অন্তত ২৫৮ জন নিহত হন এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হন।

দাঙ্গার পুরো সময়ে একবারও মণিপুর সফরে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ চলমান দাঙ্গার অবসানের পর তিনি প্রথমবারের মতো রাজ্যে পা রাখতে যাচ্ছেন আগামী ১৩ সেপ্টেম্বর।

এমজে

Comments

0 total

Be the first to comment.

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা Banglanews24 | আন্তর্জাতিক

জামায়াত ক্ষমতায় এলে ভারতকে চিন্তিত হতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা

জামায়াতে ইসলামীর হাতে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের রক্ত লেগে আছে উল্লেখ করে বাংলাদেশে হাইকমিশনারের...

Sep 12, 2025
গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ Banglanews24 | আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত শতাধিক, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ

ফিলিস্তিনের গাজা শহরে গত দুই বছর ধরে চলমান আগ্রাসনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসর...

Sep 17, 2025
ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড Banglanews24 | আন্তর্জাতিক

ব্রাজিলে অভ্যুত্থান ষড়যন্ত্রে বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সামরিক অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের বেশি কারাদণ্ড...

Sep 12, 2025

More from this User

View all posts by admin