মনোনয়ন নেওয়ার শেষ দিনে একটি হলে ছাত্রী সংস্থার প্যানেল

মনোনয়ন নেওয়ার শেষ দিনে একটি হলে ছাত্রী সংস্থার প্যানেল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের মনোনয়নপত্র নেওয়ার মেয়াদ আজ মঙ্গলবার শেষ হচ্ছে। বেলা সাড়ে তিনটা পর্যন্ত প্রার্থীরা নির্দিষ্ট ফি দিয়ে নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। আজ সকাল থেকে স্বতন্ত্র অনেক প্রার্থী মনোনয়নপত্র নিলেও দুপুর ১২টা পর্যন্ত ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বড় দলগুলোর বেশির ভাগ প্রার্থী মনোনয়নপত্র নেননি। এসব দলের নেতা-কর্মীরা প্যানেল গুছানো নিয়েই ব্যস্ত সময় পার করছেন।

এদিকে দিকে আজ দুপুরে ছাত্রীদের আবাসিক প্রীতিলতা হল সংসদ নির্বাচনের জন্য ১২ সদস্যদের প্যানেল ঘোষণা করে মনোনয়নপত্র নিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা। প্যানেলের নাম দেওয়া হয়েছে—সংঘবদ্ধ ছাত্রী জোট।

আজ সরেজমিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাকসু ভবনের পাশের কলা ও মানববিদ্যা অনুষদের ঝুপড়িতে দেখা যায়, শিক্ষার্থীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রার্থী ও প্যানেল নিয়ে আলোচনা করছেন। কোন দলের প্যানেলে কোন প্রার্থী থাকবেন, এসব নিয়েই সবার আগ্রহ। তবে দুপুর ১২টা পর্যন্ত প্যানেল সম্পর্কে বিস্তারিত জানায়নি ছাত্রশিবির, ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রজোট, গণতান্ত্রিক ছাত্র সংসদ।

জানতে চাইলে শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইসহাক ভূঞা দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমাদের এখন পর্যন্ত একক প্যানেল করার পরিকল্পনা রয়েছে। তবে শিবির–সমর্থিত শিক্ষার্থী জোট হিসেবে প্যানেলটা হতে পারে। আজই কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের সব কটির পদের জন্য ফরম নেব। প্যানেলের নাম এবং কে কোন পদে লড়বেন, এটা পরে জানানো হবে।’

অন্যদিকে ছাত্রদলও একক প্যানেল দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন দলটির নেতা-কর্মীরা। এ দল থেকে ভিপি (সহসভাপতি) পদে জালাল উদ্দিন মেসবাহর নাম আলোচনায় রয়েছে। তিনি শাখা ছাত্রদলের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আজ আমরা মনোনয়নপত্র সংগ্রহ করব। আজকের মধ্যে প্যানেলের নাম ঠিক করা হবে। নাম ঠিক করার পরই একক প্যানেল দেওয়া হবে, নাকি জোট করা হবে, তা জানানো হবে।’

অবশ্য গতকাল সোমবার দুপুরে ছাত্রদলের নেতা-কর্মীদের একাংশ মনোনয়নপত্র সংগ্রহ করেছে। দলটি থেকে কেন্দ্রীয় সংসদে লড়তে ১২ জন ও হল সংসদে ১৫ জন মনোনয়নপত্র নিয়েছেন। তবে তাঁরা কে কোন পদে লড়বেন, তা উল্লেখ করা হয়নি।অন্যদিকে বাম ধারার পাঁচটি সংগঠনের গণতান্ত্রিক ছাত্রজোটও আলাদা প্যানেল দেবে বলে জানান গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলর সংগঠক ধ্রুব বড়ুয়া। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা আজ ৫০টি পদের জন্য ফরম নেব। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৬টি ও হল সংসদে ২৪টি পদের জন্য ফরম নেওয়া হবে। বিভিন্ন সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’

বেলা সাড়ে তিনটার মধ্যেই কেন্দ্রীয় পদের জন্য মনোনয়ন দেবে গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক সাব্বির হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরাও প্যানেল করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে কে কোন পদে লড়বেন, সেটা মনোনয়ন ফরম নেওয়ার সময় তাঁরা জানাবেন।

ইসলামী আন্দোলন–সমর্থিত ছাত্রসংগঠন ইসলামী ছাত্র আন্দোলনও আলাদা প্যানেল দিচ্ছে। তাঁদের প্যানেলের নাম ‘সচেতন শিক্ষার্থী সংসদ’। তাঁরা এখন পর্যন্ত ১৮টি পদে মনোনয়নপত্র নিয়েছেন। এ প্যানেল থেকে ভিপি পদে লড়বেন ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ও সংগঠনটির শাখা সভাপতি আবদুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, নারী শিক্ষার্থী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।

দুপুরে প্রীতিলতা হলে ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ নামে ১২ সদস্যদের প্যানেল ঘোষণা করে ইসলামী ছাত্রী সংস্থা। এতে সহসভাপতি (ভিপি) পদে অ্যাকাউন্টিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিজাবাহুল জান্নাত প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়। এ ছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাদিয়া সুলতানা, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফরিদা রিমা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়েছে। জানতে চাইলে মিজাবাহুল জান্নাত প্রথম আলোকে বলেন, দুই দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরো প্যানেলে কে কোন পদে লড়বেন, তা জানানো হবে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin