রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে দুই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ অভিযানে মোহাম্মদপুর এলাকায় ১০ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—রাকিব (২৮), জাকির (২৮), আকলিমা (২৮), রাজু (৩০), ইমন (২১), পলাশ (২৫), রতন (২১), রাকিব (২২), আলামিন (২২) ও শফিকুল ইসলাম (৩৬)। এ সময় তাদের কাছ থেকে ২৫ পুরিয়া হেরোইন ও একটি সামুরাই উদ্ধার করা হয়।
অপরদিকে একই দিনে আদাবর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মো. সাগর (২৮), মো. আকাশ (২০), মো. আল আমিন (২০), আবু বক্কর মোহন, মো. আব্দুল লতিফ (৫৫), মো. আসাদুল ইসলাম (৩৫), মো. আতিকুল ইসলাম (২৭), মো. শাহাদাত হোসেন (৩৫), মো. সাদ্দাম হোসেন (৩০), মো. মাসুদ মুন্সি (৪০) ও রনজু মিয়া (৪৫)।
উভয় থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অন্যান্য ব্যক্তি। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।