বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল রাজনীতির স্বার্থে ইসলামকে বারবার ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়। তারা ইসলামের ক্ষতি করতে চায়। তাদের কাছ থেকে আমাদের দূরে ও সাবধান থাকতে হবে।’
তিনি বলেন, ‘আমরা মদিনার ইসলামে বিশ্বাসী। রাসুল (সা.) যে ইসলামের প্রবর্তন করে গেছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গেছেন, আমরা সেই ইসলামের অনুসারী। এখানে আমরা কেউ মওদুদি ইসলামের অনুসারী নই। সুতরাং যারা ফিতনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের কাছ থেকে আমাদের সাবধান হতে হবে। ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না।’
শনিবার (১ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজমতে সাহাবা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কাসেমী পরিষদ আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন মুফতি মনির হোসাইন কাসেমী।
ইসলাম ও মানুষের জন্য রাজনীতি করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের এই অপরাধনীতি থেকে আমাদের শিক্ষা নিয়ে ভালো রাজনীতি করতে হবে। মানুষের জন্য রাজনীতি করতে হবে, ইসলামের পক্ষে রাজনীতি করতে হবে। এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার বাংলাদেশে ইসলামবিদ্বেষী, আলেমবিদ্বেষী রাজনীতি করেছে। তারা মুসলিমবিদ্বেষী সরকার ছিল। আওয়ামী লীগের রাজনীতি এ দেশের মানুষ দেখেছে। তারা রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য ইসলামবিদ্বেষী রাজনীতি, আলেম নির্যাতনের রাজনীতি, আলেমবিদ্বেষী রাজনীতি, মুসলিমবিদ্বেষী রাজনীতি করেছে। আমাদের আগামী দিনের আদর্শিক ও ভালো আদর্শের রাজনীতির চর্চার মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদী তথা কথিত অপরাজনীতির সংস্কৃতি বিলুপ্তি করতে হবে। ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে হবে। একমাত্র এর মধ্যে দিয়েই বাংলাদেশে অপরাজনীতি সমূলে বিদায় হবে, আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠিত হবে। আদর্শিক ও সঠিক রাজনীতির মাধ্যমেই বাংলাদেশের সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হতে পারে।’
নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সভাপতি জুনায়েদ আল হাবিব প্রমুখ।