লিগে টানা দুই ম্যাচে জয়হীন আবাহনী লিমিটেড। তবে ফেডারেশন কাপে আকাশী নীল জার্সিধারিদের দুর্দান্ত পারফরমেন্স শুরু হয়েছে। শেখ মোরসালিন ও সুলেমান দিয়াবাতের দারুণ পারফরম্যান্সে ইয়ংমেন্স ফকিরেরপুলকে ৪-২ গোলে হারিয়েছে মারুফুল হকের দল। জোড়া গোল করেছেন মোরসালিন ও দিয়াবাতে।
শুক্রবার (২৪ অক্টোবর) কিংস অ্যারেনাতে চতুর্থ মিনিটে ম্যাচের দ্বিতীয় আক্রমণে পেনাল্টি আদায় করে নেয় আবাহনী। মাঝ মাঠ থেকে লং পাস ধরে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢোকেন দিয়াবাতে। সামনে এগিয়ে বল ক্লিয়ার করতে গিয়ে দিয়াবাতের পায়ে মেরে বসেন ইয়ংমেন্সের গোলকিপার সাজু আহমেদ। পেনাল্টি থেকে সফল স্পট কিকে লক্ষ্যভেদ করেন মালির স্ট্রাইকার ।
১৪ মিনিটে গোল না পাওয়ার হতাশায় পুড়ে ইয়ংমেন্স। জটলার মধ্যে বক্সের একটু সামনে থেকে নেওয়া মোস্তফা মাহমুদ আবদেল খালেকের শট পোস্টে লেগে ফিরে আসে।
২৪ মিনিটে বক্সের মধ্যে দিয়াবাতের দারুণ ক্যাটব্যাকে পা ছোঁয়াতে পারেননি আবাহনীর কেউ। পরের মিনিটে আকাশি-নীল রক্ষণের পরীক্ষা নেন ফকিরেরপুলের আবদেল খালেক-মারান্দিরা।
২৬ মিনিটে দারুণ ক্ষীপ্রতায় বক্সে ঢুকে ডান প্রান্ত থেকে আরেকটি কাটব্যাক করেন দিয়াবাতে, তবে বলের লাইনেই দাঁড়াতে পারেননি আল আমিন।
৩৩ মিনিটে মোরসালিনের দারুণ ফিনিশিংয়ে লিড দ্বিগুণ করে আবাহনী। আক্রমণের শুরু মাঝ মাঠে শাকিলের পাস থেকে। এরপর দিয়াবাতের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সের ঠিক সামনে থেকে আড়াআড়ি ও নিচু শটে দুরের পোস্ট দিয়ে বল জালে জড়ান জাতীয় দলের এই মিডফিল্ডার। ডান দিকে ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি গোলকিপার সাজু।
দলকে লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ এনে দেন দিয়াবাতে। ৩৬ মিনিটে আবারও পেনাল্টি আদায় করেন তিনি। স্পট কিক নিতে এসে সাজুর হাতের নিচ দিয়ে বল ঠেলে ম্যাচে গোলের জোড়া পূর্ণ করেন আবাহনীর মালির তারকা। আবাহনী এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
বিরতির পর যেন কিছুটা ঝিমিয়ে পড়ে আবাহনী। সুযোগ কাজে লাগিয়ে এক গোল পরিশোধ করেন ইয়ংমেন্সের শান্ত টুডু। আবদেল খালেকের বল ধরে সামনে থাকা আবাহনীর দুই ডিফেন্ডার ইয়াসিন খান ও কামরুলকে কাটিয়ে বক্সের সামনে থেকে শট নেন পোস্টে। অনেকটা এগিয়ে আসা গোলকিপার প্রিতমের ওপর দিয়ে বল সরাসরি খুঁজে নেয় জাল।
৫৬ মিনিটে ম্যাচ জমিয়ে তোলার দারুণ সুযোগ হাতছাড়া করে ইয়ংমেন্স। গোল করতে পারেননি আবদেল খালেক।
৬৪ মিনিটে মোরসালিন গোল করে আবাহনী ব্যবধান ৪-১-এ বাড়িয়ে নেন। ৬ মিনিট পর বেন ইবরাহীমের পাস থেকে ইয়ংমেন্সের হয়ে আরেকবার ব্যবধান কমান মো. রিয়াদ। ৭৯ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ মিস করে মোরসালিন।
এদিকে কুমিল্লায় ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রাথ দত্ত স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের অপর ম্যাচে গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ ।
ফেডারেশন কাপে বিরতি চলবে আবারও। আগামী ২ ডিসেম্বর ‘বি’ গ্রুপে মোহামেডান-ফর্টিস ম্যাচ দিয়ে মাঠে ফিরবে ফেডারেশন কাপের লড়াই।