নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চলন্ত মোটরসাইকেল থেকে নামিয়ে এক তরুণকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম আরমান হোসেন ওরফে বিজয়। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের রবি মেম্বারের বাড়ির শাহীন চৌধুরীর ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত ব্যক্তির পরিবার জানায়, গতকাল রাত ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কল্যাণ মার্কেটের কাছে আরমানকে কুপিয়ে আহত করা হয়। পরে রাত ১২টার দিকে নোয়াখালীর জেনারেল হাসপাতালে আরমানের মৃত্যু হয়।
নিহত আরমানের মামা ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, রাতে স্থানীয় হাজীপুর ১ নম্বর ওয়ার্ডের নতুন ব্রিজ এলাকা থেকে মোটরসাইকেলে করে একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কল্যাণ মার্কেটে যাচ্ছিলেন আরমান। তাঁর সঙ্গে মো. বাচ্চু ও মো. কিরণ নামের আরও দুজন মোটরসাইকেলে ছিলেন। পথে ১৫ থেকে ২০ জন দুর্বৃত্তের একটি দল তাঁদের মোটরসাইকেলটি গতিরোধ করে। এ সময় বাচ্চু ও কিরণ পালিয়ে গেলেও আরমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন দুর্বৃত্তরা। পরে স্থানীয় বাসিন্দারা আরমানকে হাসপাতালে নিয়ে যান।
এক প্রশ্নের জবাবে ইসমাইল হোসেন বলেন, ১০ থেকে ১৫ দিন আগে নতুন ব্রিজ এলাকায় দুই দল তরুণের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এ ঘটনায় তরুণদের একটি পক্ষ আরমানের ওপর ক্ষিপ্ত ছিল। এর জেরেই তাঁর ওপর হামলা হয়েছে।
জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান প্রথম আলোকে বলেন, নিহত তরুণের পরিবারের অভিযোগের আলোকে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলমান। নিহত তরুণের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।