সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ভারতের উপকূলে উঠে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। ফলে এর প্রভাব বাংলাদেশে পড়বে না। তবে মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরাঞ্চলের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টি এবং দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়ে আবহাওয়া অধিদফতর।
শনিবার (৫ অক্টোবর) আবহাওয়া অধিদফতর জানায়, ভারতের উড়িষ্যা এবং আশেপাশের এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে ঝাড়খন্ড এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলে সক্রিয় ও দেশের অন্যত্র তা মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর এবং রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সমুদ্র বন্দরগুলো উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।