মুন্সিগঞ্জে বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু, শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

মুন্সিগঞ্জে বাসের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু, শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার পুরান বাউশিয়া এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

নিহত শিক্ষার্থীর নাম শ্রাবন্তী আক্তার (১৪)। সে উপজেলার চর বাউশিয়া গ্রামের হানিফ মিয়ার মেয়ে এবং গজারিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে সাতটার দিকে শ্রাবন্তী নিজ বাড়ি থেকে স্কুলের উদ্দেশে রওনা হয়। স্কুলে যাওয়ার জন্য মহাসড়কের চট্টগ্রামমুখী লেন পার হওয়ার সময় ঢাকাগামী সেন্ট মার্টিন পরিবহনের দ্রুতগতির বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত শ্রাবন্তীকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন সুলতানা বলেন, ‘সকাল পৌনে আটটার দিকে ওই শিক্ষার্থীকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আমরা তাকে মৃত ঘোষণা করি। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।’

এদিকে শ্রাবন্তীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠীরা ক্লাস বর্জন করে সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তারা শ্রাবন্তীর হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবি জানিয়ে স্টারলাইন পরিবহনের তিনটি বাস আটকে ভাঙচুর করে। খবর পেয়ে থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। সকাল সোয়া ১০টার দিকে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) হামিদা মুস্তফা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যায়। তখন যান চলাচল স্বাভাবিক হয়।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শওকত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্কুলছাত্রীর লাশ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। শিক্ষার্থীদের অবরোধের কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইউএনও মো. আশরাফুল আলম বলেন, ‘বিষয়টি দুঃখজনক। আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। তাদের সব দাবিদাওয়া পূরণের আশ্বাস দেওয়া হয়েছে।’

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin