সন্ত্রাসবিরোধী আইনের রাজধানীর গুলশান থানার মামলায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র কায়সার আহাম্মদসহ দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।
অপর আসামি হলেন, খায়রুল খান জুয়েল।
আদালত সূত্রে জানা গেছে, এ দিন দুইজনকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন কারাগারে রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কায়সার আহমেদ ও সাড়ে ৯টার দিকে পল্লবীর নিজ বাসা থেকে খায়রুল খান জুয়েলকে গ্রেফতার করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল গুলশান-১ এর ১৩৬ নম্বর রোডের জব্বার টাওয়ারের পাশে অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জন সমবেত হয়। এ দিন সাড়ে ৭টায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশবিরোধী স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনায় এ বছরের ২২ এপ্রিল সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।