ময়মনসিংহে দলীয় মনোনয়ন দ্বন্দ্বে জামায়াত নেতার পদ স্থগিত

ময়মনসিংহে দলীয় মনোনয়ন দ্বন্দ্বে জামায়াত নেতার পদ স্থগিত

ময়মনসিংহ: ময়মনসিংহে দলীয় মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিনের সাংগঠনিক কার্যক্রম ও সদস্য পদ (রুকনিয়াত) স্থগিত করা হয়েছে।  

এ নিয়ে সংগঠনটির ভেতরে-বাইরে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত শনিবার ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী পরিবর্তন করে জেলার সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিনের সমর্থনে ‘ফুলবাড়িয়া ঐক্যবদ্ধ জনতা’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল হয়। মূলত এ ঘটনার জের ধরেই জসিম উদ্দিনের পদ স্থগিত করা হয়।

দলীয় সূত্র জানায়, বিগত সময়ে ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে দলীয় মনোনয়ন নিয়ে দুইবার নির্বাচনে অংশ নেন জসিম উদ্দিন। ওই সময় বারবার কারাবরণ ও অসংখ্য মামলার আসামি হন তিনি। তবে বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে এ আসনটিতে জেলা জামায়াতের নায়েবে আমির মো. কামরুল হাসান মিলনকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। কিন্তু এ সিদ্ধান্তে আপত্তি জানিয়ে স্থানীয় জামায়াত-শিবিরের একটি পক্ষ দলীয় মনোনীত প্রার্থী পরিবর্তন করে জেলার সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিনের সমর্থনে বিক্ষোভ মিছিল করে। এর জের ধরেই এ পদ স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমানে অধ্যাপক জসিম উদ্দিনের সামগ্রিক তৎপরতায় সংগঠনের সুনাম, সুখ্যাতি, ঐতিহ্য, শৃঙ্খলা ও পরিবেশ বিনষ্ট হচ্ছে, যা গঠনতন্ত্রের ধারা ৬২ এর উপধারা ২ (ক) ও (খ) এর সুস্পষ্ট লঙ্ঘন। এ নিয়ে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) জেলা জামায়াতের কর্মপরিষদের বৈঠকে সবার সম্মতিতে অধ্যাপক জসিম উদ্দিনের সাংগঠনিক কার্যক্রম (রুকনিয়াত) স্থগিতের সিদ্ধান্ত হয়।

বিজ্ঞপ্তিতে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ঊর্ধ্বে থেকে দলীয় শৃঙ্খলা অব্যাহত রেখেছে। আগামীতেও বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় শৃঙ্খলার ব্যাপারে আপোষহীন থাকবে।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফজলুল হক শামীম। তিনি বলেন, অধ্যাপক জসিম উদ্দিনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ বিষয়ে জেলার চিঠি হাতে পেয়েছি।

তবে ঘটনার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক জসিম উদ্দিন বলেন, শুনেছি আমার পদ স্থগিত করা হয়েছে। কিন্তু নিয়ম অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নিতে হলে প্রথমে শোকজ করার বিধান রয়েছে। তিনি আরও বলেন, যে মিছিলকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রকৃতপক্ষে ওই মিছিলের বিষয়ে আমি জানতাম না। মূলত শিবিরের ছেলেরা একটি মিছিল করেছে বলে শুনেছি।

এসআই  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin