দায়িত্ব নেয়ার পর থেকে রুবেন আমোরিম ম্যানচেস্টার ইউনাইটেডের সুদিন ফেরাবেন কি, তলানীতে যাওয়াই ঠেকাতে পারছেন না। ম্যানইউর কোচদের ইতিহাসে (স্যার অ্যালেক্স ফার্গুসন থেকে শুরু করে) সবচেয়ে বাজে অবস্থা রুবেন আমোরিমের আমলে। সর্বশেষ ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে ম্যানইউ। সবচেয়ে বড় কথা, ম্যানসিটির সামনে দাঁড়াতেই পারেনি ম্যানইউর ফুটবলাররা।
ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ওয়েইন রুনি ও গ্যারি নেভিল রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলের পরাজয়ের পর কোচ রুবেন আমোরিমের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
ওই পরাজয়ের ফলে ইউনাইটেড চার ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে ১৪তম স্থানে রয়েছে। এর আগে লিগ কাপের দ্বিতীয় রাউন্ডে গ্রিমসবির কাছে লজ্জাজনকভাবে হেরে বিদায় নিয়েছে তারা।
রুনি তার বিবিসি পডকাস্ট ‘দ্য ওয়েইন রুনি শো’-তে বলেন, ‘আমি যতটা সম্ভব ইতিবাচকভাবে ম্যানেজার ও খেলোয়াড়দের পাশে থাকতে চাই; কিন্তু এটা বলা কঠিন যে আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি। বাস্তবে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। খেলার শেষ দিকে ইউনাইটেড সমর্থকদের স্টেডিয়াম ছেড়ে যেতে দেখা গেছে। এটা ভীষণ হতাশাজনক।’
তিনি আরও যোগ করেন, ‘গত মৌসুমে টেন হাগকে বরখাস্ত করে আমোরিমকে আনা হয়েছিল খেলার ধরনে পরিবর্তন আনার আশায়; কিন্তু বাস্তবতা হলো দল আরও খারাপ করেছে।’
অন্যদিকে, গ্যারি নেভিলে স্কাই স্পোর্টসে বলেন, ‘আমি ম্যানেজারের (আমোরিম) জন্য চিন্তিত। এইভাবে চলতে থাকলে আগামী কয়েক সপ্তাহে বড় প্রশ্ন উঠবে। এটা আতঙ্কিত হওয়ার সময় নয়, তবে আমরা আগেও এই ধরণের পরিস্থিতি দেখেছি।’
তিনি আরও বলেন, ‘আগে যখন ইউনাইটেড হেরে যেত, আমি রাগান্বিত হতাম। কিন্তু এবার কোনো অনুভূতিই হয়নি। এটা সবচেয়ে খারাপ বিষয়।’
আগামী সপ্তাহে ইউনাইটেডের প্রতিপক্ষ চেলসি। সেই ম্যাচেও যদি পরাজয় হয়, তবে আমোরিমের উপর চাপ বহুগুণে বেড়ে যাবে বলে মনে করছেন নেভিল।
এদিকে, বুধবার ক্লাব তাদের বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। এতে আর্থিক সংকটের পূর্ণ চিত্র উঠে আসবে। ক্লাবের মালিক জিম র্যাটক্লিফ আগেই সতর্ক করেছিলেন, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে ২০২৫ সালের শেষের আগেই ক্লাবের অর্থ ফুরিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
আইএইচএস/