নাচোলে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

নাচোলে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।  

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মাড়কোল সাহাপুকুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের স্বজনরা জানান, সকালে তুহিনের সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে আহত করা হয়।  

তারা অভিযোগ করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি মো. আমিনুল ইসলামের সমর্থকরাই এ হামলা চালান।  

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে আব্দুস সালাম তুহিন ও সাবেক এমপি আমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। এর ধারাবাহিকতায় তিনদিন আগে আমিনুল ইসলামের সমর্থক তরিকুল, কামরুল ও শফিকুলকে মারধর করে তুহিনপন্থিরা। এরই জেরে মঙ্গলবার সকালে পাল্টা হামলা চালায় আমিনুল ইসলামের সমর্থকরা। এতে অন্তত ১০ জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আহতদের মধ্যে ফতেপুর ফুলবাড়িয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৬০) গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বিএনপির দুপক্ষের সংঘর্ষে ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin