নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজট

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী এবং যানবাহন চালকরা।

বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট রয়েছে।

জানা গেছে, বৃষ্টি ও দড়িকান্দি এলাকায় গাড়ি বিকল হওয়াতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও যানবাহন চালকরা দীর্ঘক্ষণ একই স্থানে দাঁড়িয়ে রয়েছেন। অল্প দূরত্বের যাত্রীরা হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।

যানজটে আটকের ইয়াছিন আরাফাত জানান, ‘যানজট লাঙ্গলবন্দ হতে চিটাগাংরোড ছাড়িয়ে গিয়েছে বলে শুনেছি। অনেক সময় থেকে আটকে আছি।’

শরীফ নামের আরেকজন বলেন, ‘অনেকক্ষণ ধরে কাঁচপুরেই বসে রয়েছি, গাড়ির চুল পরিমাণ নড়চড় নেই। কতক্ষণ লাগবে আল্লাহ জানেন।’

এ বিষয় শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘দড়িকান্দি এলাকায় রড বহনের বড় একটি গাড়ি বিকল হওয়াতে যানজট সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি গাড়িরও দ্বিগুণ চাপ রয়েছে। সাইনবোর্ড ছাড়িয়ে গিয়েছিল যানজট। যানজট কমতে শুরু করেছে।’

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজকে জানান, ‘বৃষ্টি হওয়ার পাশাপাশি গাড়ির দ্বিগুণ চাপ থাকায় যানজট সৃষ্টি হয়েছিল। এখন যানজট কেটে গেছে। আমরা সড়ক ক্লিয়ার করছি।’

মো. আকাশ/এমএন/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin