নারায়ণগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৫

নারায়ণগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৫

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক পাঁচ জন হলেন— ফাহিম (২৩), নীরব (১৮), ফয়সাল (২০), অনীক আহমেদ অনিন (২১), আবির (১৫)। তবে তাদের পদবি জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ৬০- ৭০ জন নেতাকর্মী মশাল হাতে হঠাৎ ঝটিকা মিছিল বের করে। বিষয়টি জানাজানি হলে জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রতিহত করার চেষ্টা করে ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে ছাত্রলীগের পাঁচ জনকে আটক করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি ও একটি পিকআপ ভ্যান জব্দ করে।

এ বিষয়ে জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে একটি কাজে যুবদলের নেতাকর্মীদের নিয়ে সাইনবোর্ড এলাকায় যাই। ওই সময় সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অর্ধ শতাধিক নেতাকর্মীরা মিছিল বের করে। এ ঘটনা দেখে পুলিশকে অবহিত করলে, পুলিশ এসে তাদের ধাওয়া দিয়ে পাঁচ জনকে আটক করে নিয়ে যায়।’

বিষয়টি নিশ্চিত করে ফতুলা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাঁচ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ব্যানার, লাঠিসহ বিভিন্ন জিনিস শব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা হবে।’

যুবদলের নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে নাকি পুলিশ তাদের আটক করেছে? এ প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, ‘পুলিশ গিয়ে ধাওয়া দিয়ে তাদের আটক করেছে। এবং ঘটনাস্থল থেকে ব্যানার-ফেস্টুন ও লাঠিসহ নানান জিনিসপত্র জব্দ করেছে।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin