নাটোরে ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা, স্বর্ণালংকার লুট

নাটোরে ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা, স্বর্ণালংকার লুট

নাটোরের বড়াইগ্রামে নিজের ঘরে মমতাজ বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বনপাড়া পৌর শহরের সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মরহুম শফিউল্লাহর (শফি ইঞ্জিনিয়ার) স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্বামীর মৃত্যুর পর মমতাজ বেগম একাই ওই বাড়িতে থাকতেন। তবে তার জন্য সার্বক্ষণিক নিয়োজিত ছিল দুজন গৃহকর্মী। মমতাজ বেগমের দুই সন্তানের মধ্যে ছেলে জাকির হোসেন মঞ্জু স্ত্রী-সন্তান নিয়ে পৈতৃক বাড়ির অদূরে বনপাড়ায় আরেকটি বাড়িতে বসবাস করেন। মেয়ে বেবি আক্তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। মমতাজ বেগমকে সারাদিন দেখাশোনা করতেন গৃহকর্মী সুফিয়া বেগম (৪০) এবং রাতে প্রহরীর দায়িত্ব পালন করেন কাজী আবু শামা (৬০)। ঘটনার দিন কাজ সেরে সন্ধ্যায় চলে যায় গৃহকর্মী সুফিয়া। প্রহরী আবু শামা সরদারপাড়া জামে মসজিদে এশার নামাজ আদায় করে ওই বাড়িতে ফিরে এসে দেখেন মমতাজ বেগম রক্তাক্ত অবস্থায় নিজ ঘরের মেঝেতে পড়ে আছেন। চিৎকার করে প্রতিবেশীদের ডাকলে তারা বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মমতাজ বেগমের ছেলে জাকির হোসেন মঞ্জু জানান, ফাঁকা বাড়িতে পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা ঢুকে আমার মাকে হত্যা করে দুই হাতে থাকা স্বর্ণের বালা-চুড়ি, আঙুলে থাকা তিনটি সোনার আংটি ও গলার চেইন খুলে নিয়েছে। আমি খুনিদের বিচার চাই।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সুমন চন্দ্র দাস জানান, একটি নৃশংস হত্যাকাণ্ড বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। তবে মূল ঘটনা উন্মোচনের জন্য থানা পুলিশ ও পাশাপাশি পিবিআই মাঠে নেমেছে। অপরাধীদের চিহ্নিত করতে ও আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

রেজাউল করিম রেজা/আরএইচ/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin