নদীতে ভেসে আসা কাঠ ধরতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

নদীতে ভেসে আসা কাঠ ধরতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীতে পাহাড়ী ঢলে ভেসে আসা কাঠ ধরতে গিয়ে নিখোঁজ মো. ইসমাইল হোসেনের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার খৈলকুড়া এলাকায় মহারশি নদীর ভেঙে যাওয়া বাঁধের পাড়ে তার মরদেহ ভেসে ওঠলে স্থানীয়রা উদ্ধার করেন।

এর আগে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার তামাগাঁও এলাকার মহারশি নদীতে পাহাড়ি ঢলে ভেসে আসা কাঠ ধরতে গিয়ে নিখোঁজ হয় ইসমাইল। সে নলকুড়া ইউনিয়নের ডাকাবর এলাকার মো. আব্দুল্লাহ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীতে পানি বৃদ্ধি পায়। পরে ঢলের পানিতে ভেসে আসা কাঠ ও লাকড়ি সংগ্রহের জন্যে দিনভর অভিযান চালায় স্থানীয়রা। বিকাল ৫টার দিকে উপজেলার তামাগাঁও এলাকার মহারশি নদীতে একটি কাঠগাছ ভেসে আসতে দেখে ইসমাইল ঝাঁপ দেয়। তবে তীব্র স্রোতের তোড়ে সে ভেসে যায়। একপর্যায়ে নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন জাগো নিউজকে বলেন, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর হবে।

মো. নাঈম ইসলাম/এএইচ/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin