নিখোঁজ হওয়ার দুই দিন পর বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাঈম রহমানকে মাদারীপুরে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ।
নাঈম রহমানের সন্ধান পাওয়ায় ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকর্মীরা। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পুলিশ, মাদারীপুর জেলা প্রশাসন ও এনডিসি কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্ধার অভিযান ত্বরান্বিত হয়। সংবাদটি প্রচার ও শেয়ার করার মাধ্যমে সহায়তা করায় সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষকেও ধন্যবাদঅ।”
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান রবিবার (৯ নভেম্বর) দুপুর থেকে নিখোঁজ ছিলেন। তার সর্বশেষ অবস্থান মোবাইল ট্র্যাকিং অনুযায়ী রাজধানীর সায়েদাবাদ এলাকায় দুপুর ১২টা ৫৩ মিনিটে শনাক্ত হয়। এরপর থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সহকর্মীরা জানান, নাঈম রহমান দায়িত্বশীল ও শান্ত-স্বভাবের কর্মকর্তা হিসেবে পরিচিত। তবে সম্প্রতি কিছু আর্থিক ও পারিবারিক চাপের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছিল।
তার নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অনুসন্ধান চালায়। অবশেষে মঙ্গলবার মাদারীপুরে তাকে উদ্ধার করা হয়।