গত প্রায় এক যুগে বিসিবি পরিচালক পর্ষদে ছিলেন জাতীয় দলের তিন সাবেক অধিনায়ক আকরাম খান, নাইমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজন।
এবারও বিসিবি পরিচালক পর্ষদে জাতীয় দলের বেশ কয়েকজন সাবেক অধিনায়কের থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে।
আজ শনিবার মনোনয়ন তোলার দিন ঢাকার ক্লাব কোটায় মনোনয়ন তুলেছেন জাতীয় দলের ২ সাবেক অধিনায়ক ফারুক আহমেদ (রেঞ্জার্স) ও তামিম ইকবাল (ওল্ড ডিএইচএস)। পাশাপাশি জেলা ও বিভাগ থেকে মনোনয়ন তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে মনোনয়ন তুলেছেন। ঢাকা বিভাগে বুলবুলের সাথে আরও নির্বাচন করছেন বর্তমান বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।
এবারের নির্বাচনে জাতীয় দলের ৪ সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, তামিম ইকবাল, ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলটের নির্বাচন করার বিষয়টি ছিল ‘ওপেন সিক্রেট।’ তারা চারজনই আজ শনিবার মনোনয়ন তুলেছেন।
তবে জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক যে বিসিবি পরিচালক পদে নির্বাচন করবেন, তা ঘুণাক্ষরে টের পাননি কেউ। নির্বাচন করার ব্যাপারটা রাজ্জাক এতটাই গোপন রেখেছিলেন যে কোনো মিডিয়ায় আগাম পূর্বাভাস ছিল না। এমনকি খোঁজ নিয়ে জানা গেছে, এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট দেখতে তিনি সিলেটে ছিলেন। সেখান থেকে দুপুরের ফ্লাইটে ঢাকা ফিরে তারপর মনোনয়নপত্র তোলেন রাজ্জাক।
জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার ও এতদিন জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করা আব্দুর রাজ্জাকও জেলা- বিভাগ, মানে ক্যাটাগরি ‘১’ থেকে নির্বাচন করবেন। তিনি খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র কিনেছেন।
জাগো নিউজের সাথে মুঠোফোনে নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করে জাতীয় দলের এ সাবেক ক্রিকেটার জানান, ‘আমি খুলনা বিভাগ থেকে নির্বাচন করতে ইচ্ছুক। তাই আজই নির্বাচক পদ থেকে পদত্যাগ করেছি।’
রাজ্জাক যোগ করেন, ‘খেলা ছেড়ে জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করেছি। এবার ক্রিকেটের ব্যবস্থাপনায় যুক্ত হয়ে ক্রিকেট উন্নয়নে ভূমিকা রাখতে চাই।’ নির্বাচনে জয়ী হতে আশাবাদী এ সাবেক বাঁহাতি স্পিনারের আশাবাদী উচ্চারণ, ‘আমিসহ খুলনা বিভাগে প্রতিদ্বন্দ্বী আছেন দুজন। ২ জন নির্বাচিত হবে। আশা করছি আমি জয়ী হতে পারবো।’
অন্যদিকে ক্যাটাগরি ‘৩’ থেকে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সাবেক ক্রিকেটারের কোটায় কাউন্সিলর হওয়া পাইলটের সাথে এই ক্যাটাগরি থেকে আরও মনোনয়ন তুলেছেন দুজন; তারা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল। এই ক্যাটাগরিতে একজন পরিচালক নির্বাচিত হবেন।
এআরবি/এমএমআর/জেআইএম