আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদারের লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) জাতিসংঘের সহায়তায় সারা দেশব্যাপী ‘ন্যাশনাল ট্রেনিং সিরিজ’ কার্যক্রম শুরু করেছে।
দশটি আঞ্চলিক প্রশিক্ষণের মধ্যে প্রথম তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত ৭ নভেম্বর ঢাকায় শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন অঞ্চলের নির্বাচন কর্মকর্তারা।
সংকট ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা, লিঙ্গ সমতা, মানবাধিকার, গণমাধ্যম ও নির্বাচন; বিষয়য়ে ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন তারা।
এই প্রশিক্ষণ কার্যক্রমটি জাতিসংঘের বিএলএলওটি ও ডিআরআইপি নির্বাচনি সহায়তা প্রকল্পের অংশ, যা ইউনডিপি, ইউএন উইমেন এবং ইউনেস্কো-র সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
প্রথশ ধাপের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ, ইউএন উইমেনের প্রতিনিধি গীতাঞ্জলি সিং, এবং ইউএনডিপির রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালি দয়ারত্নেসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন,“কার্যকর নির্বাচন ব্যবস্থাপনা একটি বিশ্বাসযোগ্য গণতন্ত্রের ভিত্তি। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা শুধু দক্ষতা নয়, আত্মবিশ্বাস ও দায়বদ্ধতাও গড়ে তুলছি—যা অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করবে।”
তিনি আরও বলেন,“এই প্রশিক্ষণ আমাদের নির্বাচনি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর ব্যবহারিক পাঠগুলো কর্মকর্তাদের মাঠপর্যায়ে তা প্রয়োগে সহায়তা করবে, যা সামগ্রিকভাবে আমাদের নির্বাচনী সক্ষমতা ও আস্থা বৃদ্ধি করবে।”
আগামী কয়েক সপ্তাহে বাকি নয়টি অঞ্চলে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
ইসি জানিয়েছে, এই উদ্যোগ নির্বাচন কমিশনের পেশাদারিত্ব, অন্তর্ভুক্তি এবং স্বচ্ছতার প্রতি দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন, যাতে প্রতিটি ভোটের মূল্য এবং প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর নিশ্চিত হয়।