আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রস্তুতি ও রোহিঙ্গা ইস্যুতে সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চপ্রতিনিধি ড. খলিলুর রহমান ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
শনিবার (৪ অক্টোবর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি জানান, ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যালিসন হুকার। বৈঠকে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদক্ষেপগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রস্তুতি, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা ইস্যু নিয়েও তারা বিস্তারিত আলোচনা করেন বৈঠকে।
অ্যালিসন হুকার রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের চলমান প্রচেষ্টার প্রশংসা করেন এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। জবাবে ড. খলিলুর রহমান জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনে যুক্তরাষ্ট্রের ঘোষিত ৬০ মিলিয়ন ডলারের সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. রহমান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হারাপের সঙ্গেও পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এছাড়া ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গেও বৈঠক করেন। সাম্প্রতিক শুল্ক-আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করে তিনি পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করেন। ড. রহমান বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং এ প্রেক্ষাপটে শুল্ক আরও হ্রাসের অনুরোধ জানান।
ব্রেন্ডান লিঞ্চ বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির বাস্তবায়ন যত অগ্রসর হবে এবং বাণিজ্য ঘাটতি কমবে, যুক্তরাষ্ট্রও ততই এ বিষয়ে ইতিবাচক বিবেচনা করবে।
এমইউ/এমএমকে