নির্বাচনে অপতথ্য রোধে ইসিকে সহযোগিতা করবে টিকটক

নির্বাচনে অপতথ্য রোধে ইসিকে সহযোগিতা করবে টিকটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  অপতথ্য রোধে নির্বাচন কমিশনকে (ইসি) সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক সম্পূর্ণ সহযোগিতা করবে বলে জানিয়েছেন টিকটকের সাউথ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস হেড ফেরদৌস মুত্তাকিম।

বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকাল ৩টা থেকে ২ ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেরদৌস মুত্তাকিম বলেন, আমাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ নির্বাচন কমিশনকে আশ্বস্ত করা যে, টিকটক প্ল্যাটফর্ম যেন কোনোভাবেই নির্বাচন-সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য, মিসইনফরমেশন বা ম্যানিপুলেশনের জন্য ব্যবহার না হয়। এ বিষয়ে আমাদের অবস্থান, প্রস্তুতি ও করণীয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি।

তিনি আরও বলেন, আমাদের একটি বহুজাতিক বিশেষজ্ঞ দল বাংলাদেশ প্রসঙ্গ বিবেচনায় টিকটকে নির্বাচন-সংশ্লিষ্ট ইন্টিগ্রিটি কীভাবে নিশ্চিত করা হচ্ছে— তা তুলে ধরেছে। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি যে, আমরা সম্পূর্ণ সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ, যাতে প্ল্যাটফর্মের ব্যবহার নির্বাচন প্রক্রিয়ায় কোনরকম ব্যাঘাত সৃষ্টি না করে।

ফেরদৌস মুত্তাকিম বলেন, টিকটকের নিজস্ব বহুস্তরীয় সেফটি মেকানিজমস রয়েছে— যেগুলো সারা বছরই মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ইমপারসনেশনসহ বিভিন্ন ধরনের ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে কাজ করে। নির্বাচনের সময় আমরা অতিরিক্ত নজর দিই, যাতে সমন্বিতভাবে কোনও পক্ষ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা না করতে পারে।

তিনি আরও জানান, আমাদের ট্রান্সপারেন্সি সেন্টারে প্রতিটি কোয়ার্টারে বাংলাদেশ থেকে কী পরিমাণ কনটেন্ট বা অ্যাকাউন্ট অপসারণ করা হয়েছে— তার পরিসংখ্যান প্রকাশিত হয়। উদাহরণ হিসেবে বলি, শুধু ২০২৪ সালের দ্বিতীয় কোয়ার্টারেই আমরা বাংলাদেশ থেকে প্রায় ১ কোটি ৬৩ লাখ ভিডিও অপসারণ করেছি— যা শুধুমাত্র নির্বাচনের জন্য নয়, প্রতিদিনের কনটেন্ট ইন্টিগ্রিটির অংশ।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ নানা প্রশ্ন ছিল— আমরা তাদের সবগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমাদের আলোচনার প্রধান তিনটি বিষয় ছিল কোলাবরেশন—ইসির সঙ্গে আমরা কীভাবে কাজ করছি, আমাদের বর্তমান প্রস্তুতি ও সামনে আরও কী করা যেতে পারে। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন, মিডিয়া এবং প্ল্যাটফর্ম— সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। যাতে আগামী নির্বাচনকে ঘিরে অনলাইন পরিবেশ সুস্থ, নিরাপদ ও নির্ভরযোগ্য থাকে।

এসময় বৈঠকে টিকটকের ৯ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin