আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, ‘কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করা যাবে না।’
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ডিএমপির গ্র্যান্ড কল্যাণ সভায় অফিসার ও ফোর্সদের উদ্দেশে এ নির্দেশনা দেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহুদিন দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তাই সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘২০১৮ সালের কালিমালিপ্ত জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে যাদের সংশ্লিষ্টতা ছিল তাদের বিচারের মুখোমুখি দাঁড় করানো প্রয়োজন।’
বেআইনি সমাবেশ মোকাবেলায় সতর্কতা
সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘জনগণের সঙ্গে দূরত্ব তৈরি হয়— এমন কোনও কর্মকাণ্ড করা যাবে না। ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি হতে পারে এমন পরিস্থিতি এড়িয়ে চলতে হবে।’
পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্যের দিকেও নজর দিতে বলেন ডিএমপি কমিশনার। দায়িত্ব পালনকালে আহত হলে চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার ডিএমপি বহন করবে বলেও জানান তিনি।
থানায় সেবা উন্নয়ন, স্থাপনা সংস্কার
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার বলেন, ‘থানায় আগত সেবা প্রত্যাশীদের কথা বিবেচনায় ডিউটি অফিসার কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করা হচ্ছে।’
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস. এন. মো. নজরুল ইসলাম জানান, জরাজীর্ণ থানা, ফাঁড়ি ও মালখানা সংস্কার করা হচ্ছে। তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাবে। এ সময় সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’
ডিবি প্রধান মো. শফিকুল ইসলামসহ ডিএমপির বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বিভিন্ন পদমর্যাদার প্রায় ৮৫০ পুলিশ সদস্য এই গ্র্যান্ড কল্যাণ সভায় অংশ নেন।