নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করা হবে: আমীর খসরু

নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করা হবে: আমীর খসরু

জাতীয় নির্বাচনের পর দেশে জাতীয় সরকার গঠন করা হবে বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, যাঁরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করেছেন, তাঁদের নিয়ে এই সরকার গঠন করা হবে।

আজ বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাতে এসে আমীর খসরু সাংবাদিকদের এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জনগণের কাছে দায়বদ্ধ সরকার আর অনির্বাচিত সরকারের কার্যক্রমের মধ্যে একটা বিশাল তফাত থাকার কথা এবং আছে। সবাই নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে। নির্বাচনের পরে বাংলাদেশের অর্থনীতিতে বড় আকারের পরিবর্তন হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হবে, রপ্তানি বাড়বে, কর্মসংস্থান বাড়বে। স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ সব খাতে যে সমস্যা আছে, সব সমস্যার সমাধান হবে।’

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুমুদিনী চত্বরে এসে পৌঁছান আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি কুমুদিনী গ্রন্থাগারে চা চক্র শেষে বজরা নৌকায় লৌহজং নদ পার হয়ে রণদা প্রসাদ সাহার বাড়িতে পূজামণ্ডপে যান। সেখানে কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাঁকে স্বাগত জানান। এ সময় বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদুর রহমান, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল (শাহীন), সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার পক্ষ থেকে রাজীব প্রসাদ সাহার হাতে ফুলের তোড়া তুলে দেন আমীর খসরু।

পূজামণ্ডপ পরিদর্শনে তিন উপদেষ্টাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত

আজ দুপুরের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাসহ বরেণ্য ব্যক্তি ও রাষ্ট্রদূতেরা রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে আসেন। বিকেল সাড়ে চারটার দিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, পৌনে পাঁচটায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, বিকেল পাঁচটায় শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান কুমুদিনী চত্বরে পৌঁছান। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান ও মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম তাঁদের স্বাগত জানান। পুলিশের চৌকস দল তাঁদের গার্ড অব অনার দেন। এরপর তাঁরা কুমুদিনী চত্বর ঘুরে দেখেন।

এ ছাড়া সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালও রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন। সন্ধ্যা পৌনে সাতটায় পূজামণ্ডপে ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় আরতি শুরু হয়। এ সময় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ডেপুটি হাইকমিশনার জেমস্ গোল্ডমা, অভিনেত্রী আফসানা মিমিসহ অতিথিরা আরতি উপভোগ করেন।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin