ফাইল ছবি
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে তিনি যাত্রা করবেন।
সফরসূচি অনুযায়ী, তিনি ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এরপর ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।
সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক প্রতিনিধি হিসেবে থাকছেন– বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া, প্রতিনিধি দলে যোগ দেয়ার কথা রয়েছে জামায়াত নেতা ড. নকিবুর রহমান তারেকের।
এর আগে, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, বিগত এক বছরে দেশে সংঘটিত সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা।
/এএম