‘নৈতিকতা রক্ষায়’ এক প্রদেশে ওয়াই-ফাই নিষিদ্ধ করলো তালেবান

‘নৈতিকতা রক্ষায়’ এক প্রদেশে ওয়াই-ফাই নিষিদ্ধ করলো তালেবান

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে ফাইবার অপটিক ওয়াই-ফাই ইন্টারনেট নিষিদ্ধ করেছে দেশটির শাসক গোষ্ঠী তালেবান। নৈতিকতা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

২০২১ সালের আগস্টে ক্ষমতা নেওয়ার পর এ ধরনের নিষেধাজ্ঞা এবারই প্রথম জারি করলো তালেবান। এর ফলে সরকারি দফতর, বেসরকারি খাত, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের ঘরে ওয়াই-ফাই সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তবে মোবাইল ইন্টারনেট এখনও চালু রয়েছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র হাজি আতাউল্লাহ জায়েদ বলেন, আমির হাইবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশে বালখে ক্যাবল ইন্টারনেট সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নৈতিকতা রক্ষার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় ক্ষেত্রে দেশের ভেতরই বিকল্প ব্যবস্থা গড়ে তোলা হবে।

তবে কেন বালখ প্রদেশকে বেছে নেওয়া হয়েছে বা এই নিষেধাজ্ঞা অন্য প্রদেশেও ছড়িয়ে দেওয়া হবে কি না—সেসব বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আফগান কর্তৃপক্ষ প্রায়ই নিরাপত্তাজনিত কারণে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয়, বিশেষ করে ধর্মীয় উৎসবের সময়। বিস্ফোরক ডিভাইস সক্রিয় করার আশঙ্কা থেকেই এমন পদক্ষেপ নেওয়া হয়।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin