‘নোয়াখালী বিভাগ চাই’ আন্দোলনকারীদের বাস আটকে দিল কুমিল্লার জনতা

‘নোয়াখালী বিভাগ চাই’ আন্দোলনকারীদের বাস আটকে দিল কুমিল্লার জনতা

কুমিল্লার পাদুয়ারবাজার বিশ্বরোডে ‘নোয়াখালী বিভাগ চাই’ আন্দোলনকারীদের বাস আটকে দিয়েছে স্থানীয় জনতা। আন্দোলনকারীরা নিজ জেলা নোয়াখালী ফিরছিলেন।

জানা গেছে, নোয়াখালী বিভাগ চাই দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে ফেরার পথে আন্দোলনকারীদের বহনকারী স্বাধীন বাংলা নামের একটি বাস পাদুয়ারবাজার এলাকায় পৌঁছলে স্থানীয় জনতা সেটি থামিয়ে দেয়। অভিযোগ, ওই সময় বাসে থাকা কয়েকজন ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বাসটি ঘিরে ধরে।

এ সময় পরপর আসা আন্দোলনকারীদের আরও কয়েকটি বাসও যানজটে আটকে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রায় এক ঘণ্টা ধরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরুদ্ধ থাকে, ফলে যানজট ছড়িয়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা শহরমুখী সড়কজুড়ে।

রাত ৮টা পর্যন্ত প্রত্যেক সড়কে যানজট ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আন্দোলনকারীদের বাস সরিয়ে দেয়।

লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর বাংলানিউজকে বলেন, এখনও কিছুটা যানজট আছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি। আন্দোলনকারীদের বহন করা বাসটি ছেড়ে দেওয়া হয়েছে, স্থানীয় জনতাকেও নিবৃত্ত করা হয়েছে।

এমজে

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin