নড়াইলের বন্ধ ‘আল্পনা’ সিনেমা হল এখন তাবলিগের ‘মার্কাজ মসজিদ’

নড়াইলের বন্ধ ‘আল্পনা’ সিনেমা হল এখন তাবলিগের ‘মার্কাজ মসজিদ’

নড়াইলের কালিয়া উপজেলায় বন্ধ হয়ে যাওয়া ‘আল্পনা’ সিনেমা হলের জরাজীর্ণ ভবনে তাবলিগের ‘মার্কাজ মসজিদ’ চালু করা হয়েছে। গত বুধবার দুপুরে ভবনটির সামনে ‘কালিয়া উপজেলা তাবলিগি মার্কাজ মসজিদ’ নামে একটি ব্যানার টাঙিয়েছে ‘আলমী শুরায়ী নেজাম’ নামের একটি সংগঠন। বর্তমানে ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

আজ শুক্রবার দুপুরে ওই সংগঠনের ‘সাথি’ ও কালিয়া উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সংগঠনের পক্ষ থেকে তাঁরা ভবনটি প্রশাসনের কাছ থেকে বার্ষিক চার হাজার টাকায় ইজারা নিয়েছেন। ভবনটি জরাজীর্ণ হলেও যতটুকু সম্ভব তাঁরা ব্যবহারযোগ্য করার জন্য কাজ করছেন।

হাফিজুর রহমান বলেন, ‘এখানে আমরা তাবলিগি মার্কাজ মসজিদ চালু করেছি। বিভিন্ন দেশ ও ঢাকার কাকরাইল থেকে কালিয়ায় যে তাবলিগের জামাত আসবে, তাঁরা প্রথমে এখানে আসবেন। পরে স্থানীয় তাবলিগ জামাতের সাথিদের সঙ্গে পরামর্শ করে বিভিন্ন মসজিদে যাবেন।’

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে ‘টাউন হল’ নামে ভবনটির উদ্বোধন করেছিলেন তৎকালীন জেলা প্রশাসক শাফায়াত আলী। কয়েক বছর পর ভবনটি ইজারা নিয়ে ‘আল্পনা’ নামের একটি সিনেমা হল চালু করা হয়। প্রায় ২০ বছর আগে সেই সিনেমা হল বন্ধ হয়ে গেলে ভবনটির আর ব্যবহার হয়নি। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে থাকতে ভবনটি এখন খুবই জরাজীর্ণ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুজ্জামান প্রথম আলোকে বলেন, ভেস্টেড প্রোপার্টি (অর্পিত সম্পত্তি) হিসেবে ভবনটি প্রতিবছরই ইজারা দেওয়া হয়। একসময় সিনেমা হল কর্তৃপক্ষ ইজারা নিয়েছিল। সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার পর গত ২০ বছর এটি ইজারা হয়নি। এতে জায়গাটি মাদকসেবীদের আঁকড়ায় পরিণত হয়েছিল। এ জন্য সরকারি সম্পত্তি দখলে রাখা ও রাজস্ব আদায়ের জন্য তাঁরা ভবনটি ইজারা দিয়েছেন।

কালিয়া বাজারের ব্যবসায়ী খালিদ হোসেন প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ভবনটি জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। এখন একটি ভালো কাজের জন্য ব্যবহৃত হচ্ছে। এতে তাঁরা আনন্দিত।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin