নরসিংদীতে সড়কে চাঁদাবাজি বন্ধে তৎপর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের আরশিনগরে এ ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সেখান থেকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত শামিম আনোয়ার বলেন, সকালে নরসিংদী পৌর শহরে নিয়মিত টহল চলছিল। আমি আরশিনগর এলাকা ক্রস করছিলাম। ওই সময় দুজন লোক যানবাহন থেকে টাকা তুলছিল। আমি তাদের জিজ্ঞেস করলাম কিসের টাকা তোলা হচ্ছে। টাকা তুলতে হাই কোর্টের নিষেধাজ্ঞা আছে বলে জানালাম। এর মধ্যে ৩০-৩৫ জন লোক অতর্কিত আমার ওপর হামলা চালায়। তারা আমাকে কিলঘুসি মারা শুরু করেন। পরে আমাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। আমি সঙ্গে সঙ্গে অচেতন হয়ে যাই। পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।
কয়েকদিন পূর্বে নরসিংদী সড়কে চাঁদাবাজি বন্ধে জিরোটলারেন্স ঘোষণা করেন। এর পর থেকে বিভিন্ন প্রতিকূলতার শিকার হতে হয়। নিজে ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস দেন। একই সঙ্গে তার ওপর যে কোনো সময় হামলার আশঙ্কার কথা জানান।
পৌরসভার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের ইজারাদার মো. আলমগীর বলেন, ২৫ লাখ টাকায় স্ট্যান্ড ইজারা নিয়েছি। কিন্তু অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার প্রায় ইজারার টাকা তুলতে বাধা দেয়। এর আগেও আমাদের দুজন লোককে ধরে নিয়ে জেলে পাঠিয়েছিল। আজকেও আরশীনগর এলাকায় গিয়ে আমাদের লোকজনকে আটক করছিল। আমরা বৈধ ইজারা নিয়ে কাজ করছি। আমাদের যদি কাজ করতে না দেয়। তাহলে ২৫ লাখ টাকা ফিরিয়ে দেওয়া হোক।
এদিকে অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার ওপর হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন কোন ঘটনা ঘটেনি।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, উন্নত চিকিৎসা জন্য তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে পুলিশ অভিযুক্তদের আটকের চেষ্টা করছে।
সঞ্জিত সাহা/আরএইচ/জেআইএম