নতুন ইসলামিক চ্যাটবট নিয়ে এসেছে সৌদি আরব

নতুন ইসলামিক চ্যাটবট নিয়ে এসেছে সৌদি আরব

সৌদি আরব তাদের শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি হুমাইন ‘হুমাইন চ্যাট’ নামে একটি কথোপকথনমূলক এআই অ্যাপ চালু করেছে, যাকে ইসলামি মূল্যবোধ আর আরবি ঐতিহ্যের সংমিশ্রণ বলেছেন উদ্ভাবকেরা। সৌদি আরবের ১২০ জন এআই–বিশেষজ্ঞ, যাঁদের অর্ধেক নারী এই চ্যাটবট তৈরিতে কাজ করেছেন।

গত ২৫ আগস্ট হুমাইন তাদের অ্যালাম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ওপর ভিত্তি করে হুমাইন চ্যাট চালু করেছে। প্রাথমিকভাবে এটি শুধু সৌদি আরবে পাওয়া যাবে; তবে শিগগিরই এটি মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য অংশে ছড়িয়ে পড়বে বলে তাদের আশা।

এটি আরবি ও ইংরেজি—দুই ভাষায় কথোপকথন চালাতে পারে, এমনকি মিসরীয়, লেবানিজের মতো বিভিন্ন আরবি উপভাষায়ও সাবলীল। হুমাইন চ্যাট বিশ্বের ৩৮০ মিলিয়ন আরবিভাষীকে আরও সহজে তাদের তথ্য গ্রহণে সহায়তা করবে।

হুমাইনের প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক আমিন এ উদ্যোগকে ‘ঐতিহাসিক মাইলফলক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘এটি কেবল একটি প্রযুক্তি নয়, এটি আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের প্রতিফলন।’

অ্যাপটি কেবল সৌদি নিজস্ব প্রতিভার হাতে গড়া, যেখানে নারী-পুরুষ সমানভাবে কাজ করেছেন। এটি ইসলামি মূল্যবোধের আলোয়, ঐতিহ্যের সুরে মুসলিমদের পরিচয়কে জাগিয়ে তুলবে।

হুমাইন চ্যাট অ্যালাম মডেলের ওপর নির্মিত, যা বিশ্বের বৃহত্তম আরবি ডেটাসেটে প্রশিক্ষিত। এই ডেটাসেটে ইসলামি সংস্কৃতি, মধ্যপ্রাচ্যের ঐতিহ্য ও স্থানীয় মূল্যবোধের গভীর ছাপ রয়েছে। উদাহরণস্বরূপ, যদি তাতে ইসলামি বিষয়ে প্রশ্ন করা হয়, তাহলে তার সব জবাব দেবে কোরআন ও হাদিসের আলোকে।

অ্যাপটি পশ্চিমা চ্যাটবট যেমন চ্যাটজিপিটি, গুগল জেমিনি বা চীনের ডিপসিকের মতো নয়, যারা মূলত ইংরেজি ডেটাসেটে প্রশিক্ষিত। হুমাইন চ্যাট আরবি ভাষায় গভীর ও সূক্ষ্ম বিষয়েরও উত্তর দিতে পারে।

সৌদি ডেটা অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথরিটি (এসডিএআইএ) যে মডেল গ্রহণ করেছে, তা আগে আইবিএমের ওয়াটসনএক্স প্ল্যাটফর্মে ব্যবহৃত হয়েছিল। কোম্পানিটি সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মালিকানাধীন, যা ২০৩০ সালের মধ্যে ১ দশমিক ৯ গিগাওয়াটের ডেটা সেন্টার গড়ার পরিকল্পনা করছে। এই উদ্যোগে এনভিডিয়া ও অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের মতো প্রযুক্তি জায়ান্টদের সমর্থন রয়েছে।

এ প্রকল্পটি সৌদি আরবের ভিশন–২০৩০-এর একটি অংশ, যা তেলের ওপর নির্ভরতা কমিয়ে প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে।

সূত্র: ব্লুমবার্গ ও নিউ অ্যারাব

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin